বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বাড়বে বৃষ্টির তীব্রতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ২৬ জুলাই, ২০২৬ । ৩:৪৬ অপরাহ্ণ

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ এবং শক্তিশালী মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ সারাদেশে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে বয়ে যেতে পারে ঝড়।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সোমবার সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারাদেশের কোথাও কোথাও। এছাড়া, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পরদিন সোমবার (২৭ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারাদেশের কোথাও কোথাও। এছাড়া, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারাদেশের কোথাও কোথাও। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এ সময়ে।

এরপর বুধবার (২৯ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে দেশের কোথাও কোথাও। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এ সময়ে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে দেশের কোথাও কোথাও। এ ২৪ ঘণ্টায় দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সারাদেশে।

কালের আলো/এসএকে

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন