বিশ্বকাপ হারের পর আবেগঘন বার্তা স্কালোনির

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৭ জুলাই, ২০২৬ । ১:৫৪ অপরাহ্ণ

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। ফাইনালের পর সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে অশ্রুসিক্ত হন কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপ শেষ হওয়ার সাত দিন পর নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের উদ্দেশে একটি আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে স্কালোনি লেখেন, “দুঃখিত, আপনাদের আরেকটি বিশ্বকাপ এনে দিতে পারলাম না।” একই সঙ্গে বিশ্বকাপ হারার হতাশা প্রকাশের পাশাপাশি খেলোয়াড়দের প্রতি গর্ব এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

স্কালোনি বলেন, দলের খেলোয়াড়রাই তার ‘যোদ্ধা’। বিশ্বকাপজুড়ে সমালোচনার মুখোমুখি হলেও সেই বাধা অতিক্রম করাকেই তিনি নিজের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন।

পোস্টে কোচিং স্টাফ, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকর্তা-কর্মচারী এবং দলের নেপথ্যে কাজ করা সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন আর্জেন্টিনার এই কোচ।

পোস্টের শেষ লাইনে স্কালোনি লেখেন, “যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে এক অমূল্য সম্পদ আছে।” আবেগঘন এই বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন