বিশ্বকাপে বেলজিয়ামের বিদায়ের পর কোচ রুডি গার্সিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক ডাচ তারকা মার্ক ফন বোমেল। নতুন কোচকে স্বাগত জানিয়েছেন গোলরক্ষক থিবো কর্তোয়া। তবে জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেননি তিনি।
এক স্পন্সরশিপ অনুষ্ঠানে কর্তোয়া বলেন, ফন বোমেলের নিয়োগে তিনি অবাক হননি। অ্যান্টওয়ার্পে তার কাজের প্রশংসা করে তিনি জানান, বড় পর্যায়ে খেলার অভিজ্ঞতা থাকায় খেলোয়াড়দের সম্মান অর্জন করা নতুন কোচের জন্য সহজ হবে।
তবে ৩৪ বছর বয়সী এই গোলরক্ষক জানান, জাতীয় দলে খেলা চালিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি নতুন কোচের সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি নেশনস লিগে কিছুটা বিশ্রামও চান তিনি।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছিল কর্তোয়াকে। পরে বেলজিয়াম ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। তিনি বলেন, পুরোপুরি ফিট না থাকায় কোচের সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন এবং দলের স্বার্থকেই প্রাধান্য দিয়েছেন।
এদিকে, সাবেক কোচ রুডি গার্সিয়ার সঙ্গে কোনো বিরোধ ছিল না বলেও স্পষ্ট করেছেন কর্তোয়া। তার ভাষ্য, গার্সিয়ার প্রতি তার কোনো তিক্ততা নেই এবং তিনি কখনোই সাবেক কোচ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করতে চাননি।
কালের আলো/এসএ

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৭ জুলাই, ২০২৬ । ১:৫৮ অপরাহ্ণ