ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’র ইতিহাস

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৯ জুলাই, ২০২৬ । ৩:২৫ অপরাহ্ণ

মুক্তির মাত্র ১০ দিনেই বিশ্বব্যাপী ৬৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৯৫০ কোটি টাকা) আয় করে বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে খ্যাতনামা পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন চলচ্চিত্র ‘দ্য ওডিসি’। প্রায় তিন হাজার বছরের পুরোনো গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত এই সিনেমার অবিশ্বাস্য বাণিজ্যিক সাফল্য চলচ্চিত্র বিশ্লেষকদেরও বিস্মিত করেছে।

মুক্তির প্রথম সপ্তাহান্তেই উত্তর আমেরিকার বাজার থেকে ছবিটি সংগ্রহ করে ১২ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার। একই সময়ে আন্তর্জাতিক বাজারসহ বিশ্বব্যাপী এর মোট আয় দাঁড়ায় ২৬ কোটি ৪১ লাখ ডলারে। ২৫ কোটি মার্কিন ডলার বাজেটে নির্মিত এই ছবিটি ইতোমধ্যেই চলতি বছরের অন্যতম সেরা ব্যবসাসফল সিনেমায় পরিণত হয়েছে।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, গ্রিক কবি হোমারের মহাকাব্যভিত্তিক একটি ভাবগম্ভীর চলচ্চিত্রের এই অভাবনীয় সাফল্যের পেছনে মূলত পাঁচটি বড় কারণ রয়েছে:

নোলানের ব্র্যান্ড ভ্যালু: ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ কিংবা ‘ওপেনহাইমার’-এর মতো কালজয়ী সিনেমা উপহার দিয়ে ক্রিস্টোফার নোলান নিজেই এক বিশ্বস্ত ব্র্যান্ডে পরিণত হয়েছেন। সিনেমাটি তাঁর ক্যারিয়ারে সর্বোচ্চ বৈশ্বিক উদ্বোধনী আয়ের রেকর্ডও গড়েছে।

আইম্যাক্সের নতুন অভিজ্ঞতা: ‘দ্য ওডিসি’ বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা সম্পূর্ণভাবে আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হয়েছে। উদ্বোধনী সপ্তাহান্তেই শুধু আইম্যাক্স সংস্করণ থেকে আয় এসেছে ৫ কোটি ১৮ লাখ ডলার।

তারকাবহুল অভিনয়শিল্পী: প্রধান চরিত্র ওডিসিউসের ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ডেমন। এছাড়া টম হল্যান্ড, অ্যান হ্যাথাওয়ে, জেন্ডায়া, লুপিতা নিয়ঙ্গ’ও, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরন ও জন বার্নথালের মতো তারকাদের উপস্থিতি দর্শকদের প্রেক্ষাগৃহে টেনে এনেছে।

সব বয়সী দর্শকের আগ্রহ: সিনেমাটি কেবল প্রাপ্তবয়স্কদের আকর্ষিত করবে বলে প্রাথমিক ধারণা করা হলেও বাস্তবে দেখা গেছে, উদ্বোধনী সপ্তাহান্তের দর্শকদের প্রায় অর্ধেকই ছিলেন ১৮ থেকে ৩৪ বছর বয়সী তরুণ-তরুণী।

ইতিবাচক পর্যালোচনা (পজেটিভ রিভিউ): সমালোচক ও সাধারণ দর্শক—উভয় পক্ষের প্রশংসার ঝড় এবং সামাজিক যোগাযোগমাধ্যমের জোরালো প্রচার টিকিট বিক্রি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

চলচ্চিত্র বিশেষজ্ঞদের ধারণা, যেভাবে দর্শক ও সমালোচকদের মন জয় করে নিয়েছে ছবিটি, তাতে আগামী কয়েক সপ্তাহজুড়ে বিশ্বব্যাপী বক্স অফিসে ‘দ্য ওডিসি’-র এই আধিপত্য অব্যাহত থাকবে।

কালের আলো/এসএ 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন