প্রশাসনিক ট্রাইব্যুনালের রায়ে সাবেক ডিআইজি ফারুক আহমদের বরখাস্তাদেশ বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ২৯ জুলাই, ২০২৬ । ৫:৩৬ অপরাহ্ণ

প্রশাসনিক ট্রাইব্যুনালের রায়ের পরিপ্রেক্ষিতে পুলিশের সাবেক ডিআইজি ফারুক আহমদের চাকরি থেকে বরখাস্তের আদেশ বাতিল করেছে সরকার। একই সঙ্গে তার বরখাস্তকালকে চাকরিকাল হিসেবে গণ্য করা এবং বিধি অনুযায়ী পেনশনসহ সব ধরনের আর্থিক ও অন্যান্য সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ফারুক আহমদ, সাবেক ডিআইজি (এনডিসি), পুলিশ অধিদপ্তর, ঢাকা সংযুক্ত (বর্তমানে চাকরি থেকে বরখাস্তকৃত) কর্তৃক প্রশাসনিক ট্রাইব্যুনাল-২, ঢাকায় দায়ের করা এটিএ-৪৯/২০১৩ (পুরাতন), ২০/২০১৮ (নতুন) মামলায় গত ৬ নভেম্বর ২০২৫ তারিখে দেওয়া রায় ও আদেশের আলোকে তার বিরুদ্ধে ২০১২ সালের ২ আগস্ট জারি করা ‘চাকরি হতে বরখাস্ত (Dismissal from Service)’ দণ্ডাদেশ বাতিল করা হয়েছে।

এতে আরও বলা হয়, ফারুক আহমদের বরখাস্তকালকে কর্তব্যকাল হিসেবে গণ্য করা হবে।

ফলে তিনি প্রচলিত বিধি অনুযায়ী পেনশনসহ সব ধরনের আর্থিক ও অন্যান্য সুবিধা পাওয়ার অধিকারী হবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

কালের আলো/আরডি/এমডিএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন