নতুন সিনেমায় আইনজীবীর চরিত্রে বাঁধন

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ । ১২:১১ অপরাহ্ণ

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি বিভাগে জায়গা পাওয়া ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর সুখবরের মধ্যেই নতুন সিনেমার ঘোষণা দিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি অভিনয় করতে যাচ্ছেন পরিচালক মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে। ছবিতে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাকে।

বুধবার বাঁধন জানান, নির্মাতার সঙ্গে তার প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে এবং গল্প পছন্দ হওয়ায় তিনি ছবিটিতে কাজ করতে সম্মতি দিয়েছেন। তবে এখনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়নি। আগামী আগস্টের প্রথম সপ্তাহে চুক্তি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

নতুন সিনেমা প্রসঙ্গে বাঁধন বলেন, “আমাকে যেভাবে প্রস্তাব দেওয়া হয়েছে, সেটি আমার খুব ভালো লেগেছে। পরিচালক বলেছেন, ‘ম্যাডাম, আপনিই আমাদের সিনেমার হিরো।’ একজন শিল্পীকে সম্মান ও যথাযথ মূল্যায়ন করার বিষয়টিই আমাকে কাজটি করতে আগ্রহী করেছে।”

পরিচালক মোহাম্মদ ইকবাল এর আগে ‘কিল হিম’, ‘ডেড বডি’ ও ‘রিভেঞ্জ’ নির্মাণ করেছেন। তার নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’ আবর্তিত হয়েছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার বাস্তবতাকে ঘিরে। গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন যৌনকর্মী, যিনি অন্যায়ভাবে ক্ষমতার শিকার হন। নির্মাতার ভাষ্য অনুযায়ী, এটি একটি পূর্ণাঙ্গ নারীকেন্দ্রিক সিনেমা এবং এতে প্রচলিত অর্থে কোনো নায়ক থাকছে না।

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। এছাড়া অভিনয় করবেন রোজিনা, আমিন খান, আশীষ খন্দকার এবং আজমেরী হক বাঁধন।

নতুন সিনেমা নিয়ে বাঁধন বলেন, “সব সময় ‘রেহানা মরিয়ম নূর’ বা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর মতো গল্প পাওয়া সম্ভব নয়। অভিনয় আমার পেশা। তাই আমি বিভিন্ন ধরনের গল্প ও চরিত্রে কাজ করতে চাই। একজন অভিনেত্রী হিসেবে নিজের বহুমাত্রিক সক্ষমতাও তুলে ধরতে চাই।”

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ডিসেম্বর থেকে ‘গুলশানের চামেলি’ সিনেমার শুটিং শুরু হবে।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন