ফাইনালের বলের সমান দাম জিমিনের শার্টের, বিশ্বকাপ নিলামে রেকর্ড আয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১ আগস্ট, ২০২৬ । ১১:৫৬ পূর্বাহ্ণ

২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত দাতব্য স্মারক নিলামে ব্যাপক সাড়া মিলেছে। নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে ফাইনালে ব্যবহৃত ম্যাচের বল এবং কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিমিনের পরা শার্ট। প্রতিটি স্মারকের দাম উঠেছে ১ লাখ ১০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকার বেশি।

বিশ্বখ্যাত নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজের আয়োজনে ‘One Goal: An Auction to Benefit the FIFA Global Citizen Education Fund’ শীর্ষক অনলাইন নিলাম এক সপ্তাহ ধরে চলার পর বুধবার শেষ হয়। নিলাম থেকে মোট ৬ লাখ ৫২ হাজার ৬৩০ মার্কিন ডলার সংগ্রহ করা হয়েছে, যা আয়োজকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। এতে বিশ্বের ২৪টি দেশের ক্রেতারা অংশ নেন।

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে বিটিএস তাদের জনপ্রিয় গান ‘ডায়নামাইট’ পরিবেশন করে। ব্যান্ডটির সদস্যদের ব্যবহৃত পোশাক ও বিভিন্ন স্মারক মিলিয়ে মোট ৩ লাখ ৩০০ মার্কিন ডলারের বিক্রি হয়, যা নিলামের মোট আয়ের প্রায় ৪৬ শতাংশ।

বিটিএস সদস্যদের মধ্যে জিমিনের শার্ট ছাড়াও ভি-এর স্কার্ফ ও জাংকুকের জ্যাকেট প্রতিটি ৪৬ হাজার ২০০ ডলারে বিক্রি হয়েছে। এছাড়া সুগার প্যান্ট ৩৩ হাজার ডলার, জে-হোপের গ্লাভস ২৮ হাজার ৬০০ ডলার, আরএমের বুট ১৯ হাজার ৮০০ ডলার এবং জিনের বেল্ট ১৬ হাজার ৫০০ ডলারে বিক্রি হয়েছে।

এ ছাড়া লিওনেল মেসির স্বাক্ষর করা, শাকিরাকে উপহার দেওয়া আর্জেন্টিনার জার্সি ৬৬ হাজার ডলারে বিক্রি হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ম্যাডোনার ব্যবহৃত ও স্বাক্ষর করা গোলরক্ষকের গ্লাভস বিক্রি হয়েছে ৪১ হাজার ৮০০ ডলারে। হাফটাইম শোতে জাস্টিন বিবারের পরা ‘স্কাইলর্ক’ ব্র্যান্ডের স্নিকার্স বিক্রি হয়েছে ২৬ হাজার ৪০০ ডলারে।

নিলাম থেকে প্রাপ্ত অর্থ ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে দেওয়া হবে। এই তহবিলের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণে কাজ করা হবে। বিশ্বের প্রায় ২০০টি দেশে তৃণমূল পর্যায়ের বিভিন্ন কর্মসূচিতে এই অর্থ ব্যয় করা হবে।

উল্লেখ্য, ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতে স্পেন।

সূত্র: নিউইয়র্ক টাইমস অবলম্বনে।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন