প্রিভিউ আয়েই ইতিহাস গড়ল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১ আগস্ট, ২০২৬ । ১২:৩৮ অপরাহ্ণ

মুক্তির শুরুতেই বক্স অফিসে ইতিহাস গড়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। আগাম প্রদর্শনী ও প্রিভিউ শো থেকে রেকর্ড ৭২ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে টম হল্যান্ড অভিনীত এই সিনেমা।

বক্স অফিসের ইতিহাসে প্রিভিউ শো থেকে এত আয় আগে কোনো সিনেমা করতে পারেনি। এর আগে এ তালিকার শীর্ষে ছিল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’, যার প্রিভিউ আয় ছিল ৬০ মিলিয়ন ডলার। নতুন এই স্পাইডার-ম্যান সিনেমা সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্পর্শ করেছে।

চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, মুক্তির প্রথম সপ্তাহ শেষে শুধু যুক্তরাষ্ট্রেই সিনেমাটির আয় ২৬০ থেকে ২৮০ মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। আন্তর্জাতিক বাজারের আয় যুক্ত হলে প্রথম সপ্তাহেই ছবিটির বৈশ্বিক আয় ৫০০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’–এর ঘটনার চার বছর পরের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন এই কিস্তি। ছবিতে দেখা যাবে, পুরো বিশ্ব পিটার পার্কারের পরিচয় ভুলে যাওয়ার পর সে সম্পূর্ণ একা হয়ে পড়ে। প্রেমিকা এমজে (জেনডায়া) ও বন্ধু নেডকে ছাড়াই এবার তাকে এক রহস্যময় নতুন খলনায়কের মুখোমুখি হতে হবে।

সনি পিকচার্স ও মার্ভেল স্টুডিওর যৌথ প্রযোজনায় নির্মিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ঘিরে বিশ্বজুড়ে মার্ভেল ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। বক্স অফিস বিশ্লেষকদের মতে, মুক্তির প্রথম সপ্তাহেই সিনেমাটি এ বছরের অন্যতম বড় সাফল্যের নজির গড়তে পারে।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন