নতুন পোস্টার প্রকাশের পর থেকেই আলোচনায় রয়েছে হিন্দি সিনেমা ‘বাটওয়ারা ১৯৪৭’। করণ দেওলের সঙ্গে নতুন মুখ কানিকা কাপুরের পোস্টার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তবে সিনেমার গল্পের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে কানিকার চেহারা ও লুক।
অনেক নেটিজেনের দাবি, পোস্টারে কানিকাকে দেখতে প্রায় হুবহু বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির মতো লাগছে। পোস্টারটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বহু ব্যবহারকারী মন্তব্য করেন, প্রথম দেখায় তাঁরা কানিকাকে কিয়ারা ভেবেই ভুল করেছিলেন।
অনেকের মতে, হালকা মেকআপ ও অভিব্যক্তির কারণে কানিকার লুক ‘শেরশাহ’ সিনেমায় কিয়ারা আদভানির ‘ডিম্পল’ চরিত্রের সঙ্গে বেশ মিল রয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশে দাবি উঠেছে, পোস্টারটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কিয়ারার আদলে কানিকার চেহারা উপস্থাপন করা হয়েছে। যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
বড় পর্দায় ‘বাটওয়ারা ১৯৪৭’–এর মাধ্যমে অভিষেক হলেও অভিনয়ে একেবারে নতুন নন কানিকা কাপুর। এর আগে জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘এক দুজে কে ভাস্তে ২’–এ অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। এছাড়া ‘টিপ্পু’, ‘দোনো’ ও ‘মার্ডারবাদ’–এর মতো প্রজেক্টেও কাজ করেছেন।
বিখ্যাত নাট্যকার আসগর ওয়াজাহাতের নাটক ‘জিস লাহোর নাই ভেখ্যা, ও জাম্য এ নাই’ অবলম্বনে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী। আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া ছবিতে করণ দেওল ও কানিকা কাপুরের পাশাপাশি অভিনয় করেছেন সানি দেওল, প্রীতি জিনতা, শাবানা আজমি ও আলি ফজল।
কালের আলো/এসএ

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১ আগস্ট, ২০২৬ । ১২:৫২ অপরাহ্ণ