ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেছেন তরুণ পেসার নাহিদ রানা। তবে উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় গেছেন এই টাইগার পেসার। তাঁর সঙ্গে রয়েছেন জাতীয় দলের আরেক পেসার তাসকিন আহমেদ।
অস্ট্রেলিয়া সিরিজের দলে থাকলেও চিকিৎসকের পরামর্শ নিতে নাহিদ রানার সঙ্গে অস্ট্রেলিয়ায় গেছেন তাসকিন। চিকিৎসা শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের শারীরিক অবস্থার উন্নতির আশা প্রকাশ করেন তিনি।
তাসকিন লিখেছেন, ‘আশা করি আমাদের শারীরিক অবস্থার আরও উন্নতি হবে এবং ইনশাআল্লাহ খুব শিগগিরই আমার ভাই নাহিদ রানার সঙ্গে আবার একসঙ্গে খেলতে পারবো।’
চিকিৎসাসেবার জন্য অস্ট্রেলিয়ার চিকিৎসক ড্রর মাওরকে বিশেষ ধন্যবাদ জানান তাসকিন। পাশাপাশি চিকিৎসা প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য বাংলাদেশি সহকারী বাবু ভাইয়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই ডানহাতি পেসার।
নাহিদ রানার দ্রুত সুস্থতা কামনা করছেন ভক্তরা। টাইগার শিবিরও আশা করছে, চিকিৎসা শেষে শিগগিরই মাঠে ফিরতে পারবেন এই উদীয়মান পেসার।
কালের আলো/এসএ

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১ আগস্ট, ২০২৬ । ৫:১৭ অপরাহ্ণ