কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন। শনিবার (১ আগস্ট) সকালে স্বামী দেবমাল্য চক্রবর্তীকে সঙ্গে নিয়ে ঢাকায় পৌঁছান তিনি।
জানা গেছে, রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘গুলশানের চামেলি’ সিনেমার মহরতে অংশ নিতেই তাঁর এই বাংলাদেশ সফর।
সিনেমাটির নির্মাতা মো. ইকবাল জানান, মহরতে চলচ্চিত্রটির সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এ কারণেই মধুমিতা সরকার ঢাকায় এসেছেন।
তিনি আরও বলেন, শনিবার শুধু মহরত অনুষ্ঠিত হবে। সিনেমার শুটিং আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে শুরু করার পরিকল্পনা রয়েছে।
‘গুলশানের চামেলি’ নির্মিত হচ্ছে এক যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে। নির্মাতার দাবি, এতে বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় শিল্পীরা একসঙ্গে অভিনয় করবেন।
ইতোমধ্যে চলচ্চিত্রটির শিল্পী তালিকায় যুক্ত হয়েছেন ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার এবং কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন আজমেরী হক বাঁধন। এছাড়া মহরত অনুষ্ঠানে আরও কয়েকজন শিল্পী ও কলাকুশলীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুটিং শেষ হওয়ার পর সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
কালের আলো/এসএ

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১ আগস্ট, ২০২৬ । ৫:৪১ অপরাহ্ণ