সরকার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। হাসপাতালগুলোর আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডির কাজ দ্রুত এগিয়ে চলছে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (১ অগাস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের ৭৫ শতাংশ মানুষ গ্রামে বাস করেন এবং তাদের প্রাথমিক ভরসা এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো। আগে জেলা পর্যায়ে যে সেবাগুলো মিলত, তার সিংহভাগই এখন এই ১০১ শয্যার উপজেলা কমপ্লেক্সগুলোতে নিয়ে আসা হবে।’
এছাড়া আগামী পাঁচ বছরের মধ্যে স্বাস্থ্যখাতের বাজেট জিডিপির ১ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান আন্তর্জাতিক জনস্বাস্থ্য ও চক্ষু বিশেষজ্ঞ ড. মুহিত।
তিনি বলেন, ‘শিশুদের বিশেষায়িত সেবার জন্য দেশের পাঁচটি শহরে পাঁচটি নতুন শিশু হাসপাতাল এবং নারী স্বাস্থ্যের জন্য পৃথক ইনস্টিটিউট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া নগর স্বাস্থ্যকে এখন সিটি করপোরেশন থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মূল কাঠামোর অধীনে এনে পুনর্গঠন করা হচ্ছে।’
বিগত সময়ের অনিয়ম তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘পরিকল্পনা ছাড়া শত কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে, যা বহু জায়গায় অব্যবহৃত পড়ে আছে। সমন্বিত পরিকল্পনার মাধ্যমে এই অপচয় বন্ধ করা হবে।’
চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক পদক্ষেপ হিসেবে ১০ জন করে আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
কালের আলো/আরডি/এমডিএইচ

চট্টগ্রাম প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১ আগস্ট, ২০২৬ । ৭:০৫ অপরাহ্ণ