ইন্টার মিলানে যোগ দেওয়ার পথে রোমেরো

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২ আগস্ট, ২০২৬ । ১১:৫৩ পূর্বাহ্ণ

টটেনহ্যাম হটস্পারের আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোকে দলে ভেড়ানোর বিষয়ে ইন্টার মিলানের সঙ্গে সমঝোতা হওয়ার খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, দুই ক্লাবের মধ্যে ট্রান্সফার ফি নিয়ে মৌখিকভাবে ঐকমত্য হয়েছে।

ইএসপিএনের তথ্য অনুযায়ী, প্রায় ৪০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফির ভিত্তিতে আলোচনা এগিয়েছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হয়নি। রোমেরোর ব্যক্তিগত শর্তাবলী নিয়ে ইন্টার মিলানের সঙ্গে আলোচনা চলছে।

২০২১ সালে আতালান্তা থেকে ধারে টটেনহ্যামে যোগ দেন রোমেরো। পরের বছর স্থায়ী চুক্তিতে ক্লাবটিতে থেকে যান তিনি। স্পার্সের হয়ে ১২৩ ম্যাচে মাঠে নেমে ১১টি গোল করেছেন এই আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ডিফেন্ডার।

গত মৌসুমে সন হিউং-মিন ক্লাব ছাড়ার পর রোমেরোকে দলের অধিনায়ক করা হয়। তবে চলতি গ্রীষ্মকালীন দলবদলের সময় থেকেই নতুন চ্যালেঞ্জ নেওয়ার আগ্রহের কথা বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে।

টটেনহ্যামের প্রধান কোচ রবার্তো ডি জার্বি সম্প্রতি বলেন, খেলোয়াড়দের ব্যক্তিগত সিদ্ধান্তকে তিনি সম্মান করেন। তাঁর ভাষায়, রোমেরো একজন পেশাদার এবং বিশ্বের অন্যতম সেরা সেন্টার-ব্যাক।

রোমেরোকে দলে ভেড়ানোর আগ্রহ দেখিয়েছিল বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদও। তবে শেষ পর্যন্ত ইন্টার মিলানই আলোচনায় এগিয়ে রয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

এদিকে সম্ভাব্য বিদায়ের কথা মাথায় রেখে টটেনহ্যাম ইতোমধ্যে রক্ষণভাগ শক্তিশালী করতে নতুন কয়েকজন ডিফেন্ডারকে দলে নিয়েছে।

তবে রোমেরোর ইন্টার মিলানে যোগ দেওয়ার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ব্যক্তিগত চুক্তি ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন