মুক্তির আগেই আলোচনায় শাহরুখের ‘কিং’, রেকর্ড দামে বিক্রি হতে পারে মিউজিক রাইটস

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২ আগস্ট, ২০২৬ । ১২:১৮ অপরাহ্ণ

বলিউড সুপারস্টার শাহরুখ খানের আসন্ন অ্যাকশন-থ্রিলার ‘কিং’ মুক্তির আগেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের নির্মাণে বড় বাজেটের এই সিনেমাটি আগামী ক্রিসমাস সপ্তাহে বিশ্বব্যাপী মুক্তির প্রস্তুতি নিচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিনেমাটির মিউজিক রাইটস বা সঙ্গীত স্বত্ব প্রায় ৫০ কোটি রুপিতে কিনে নিতে আগ্রহী জি মিউজিক। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি।

জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পুনিত গোয়েঙ্কা এক সাক্ষাৎকারে জানান, আলোচনার অগ্রগতি ইতিবাচক হলেও সম্ভাব্য চুক্তির আর্থিক মূল্য নিয়ে তিনি মন্তব্য করতে চান না। তিনি বলেন, জি মিউজিক সবসময় প্রযোজকদের সঙ্গে পারস্পরিক লাভজনক অংশীদারিত্বে বিশ্বাস করে।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত ‘কিং’-এর সঙ্গীত পরিচালনা করছেন শচীন-জিগর, আর আবহসঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর।

সিনেমাটিতে শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করেছেন সুহানা খান, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ ও রানি মুখার্জি। বড় তারকাবহুল এই সিনেমাটি মুক্তির আগেই দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন