মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল না ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২ আগস্ট, ২০২৬ । ১২:২৯ অপরাহ্ণ

বিশ্বকাপের পর ইন্টার মায়ামির হয়ে মাঠে ফিরেছেন লিওনেল মেসি। তবে তাঁর প্রত্যাবর্তনের ম্যাচে জয় পায়নি মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) ঘরের মাঠে কলম্বাস ক্রূর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে দলটি।

ম্যাচের ৫৩তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। তাঁকে মাঠে দেখেই গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সমর্থকদের ‘মেসি, মেসি’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। তবে শেষ পর্যন্ত গোলের দেখা পাননি আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচের ১৬তম মিনিটে লুইস সুয়ারেজের দুর্দান্ত দূরপাল্লার লব শটে এগিয়ে যায় ইন্টার মায়ামি। তবে ৩৪ মিনিটে কাসেমিরোর আত্মঘাতী গোলে সমতায় ফেরে কলম্বাস। প্রথমার্ধের যোগ করা সময়ে সুয়ারেজের ক্রস থেকে হেডে গোল করে আবারও মায়ামিকে এগিয়ে দেন নোয়া অ্যালেন।

দ্বিতীয়ার্ধে মেসি মাঠে নামার পর মায়ামির আক্রমণে গতি বাড়লেও ব্যবধান ধরে রাখতে পারেনি দলটি। ম্যাচের ৮৪তম মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে কলম্বাসকে সমতায় ফেরান মেন্দেজ। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

একই ম্যাচে বিশ্বকাপ-পরবর্তী সময়ে মাঠে ফেরেন আর্জেন্টিনার আরেক মিডফিল্ডার রদ্রিগো দি পল। শুরু থেকেই খেলেন তিনি এবং মায়ামির দ্বিতীয় গোলের আক্রমণ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এই ড্রয়ের ফলে ইন্টার মায়ামির টানা ছয় ম্যাচের জয়ের ধারা থেমে গেল। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তারা এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা ন্যাশভিলের পয়েন্ট ৪০। ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ ৬ আগস্ট স্যান লুইসের বিপক্ষে।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন