প্রবাসীর বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন সহস্রাধিক মানুষ

ময়মনসিংহ প্রদিবেদক
প্রকাশের সময়: রবিবার, ২ আগস্ট, ২০২৬ । ১২:৫৩ অপরাহ্ণ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ২ নম্বর পুটিজানা ইউনিয়নের অসহায় মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) কেশরগঞ্জ বাজারের সুইচ গেইট সংলগ্ন শাফি অ্যান্ড সাদ্দাম ডায়াগনস্টিক সেন্টারে আয়োজিত এ শিবিরে সহস্রাধিক নারী-পুরুষ চোখের পরীক্ষা, চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ গ্রহণ করেন।

শিবিরে দায়িত্বরত চিকিৎসকরা জানান, যে-সব রোগীর ছানি অপারেশনের প্রয়োজন হয়েছে, তাদের ময়মনসিংহের ধোপাখোলা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয়রা জানান, গ্রামীণ এলাকার অনেক মানুষ অর্থাভাবে দীর্ঘদিন ধরে চোখের চিকিৎসা করাতে পারেন না। ফলে এমন বিনামূল্যের চিকিৎসা কার্যক্রম তাদের জন্য বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করেছে। চিকিৎসাসেবা পেয়ে তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ মানবিক উদ্যোগের আয়োজন করেন ২ নম্বর পুটিজানা ইউনিয়নের সিঙ্গাপুরপ্রবাসী রাজিব হোসাইন সাদ্দাম খান।

তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও নিজ এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করে আসছেন।

রাজিব হোসাইন সাদ্দাম খান বলেন, এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা দুর্বল হওয়ায় উপজেলা ও জেলা সদরে গিয়ে চিকিৎসাসেবা নেওয়া অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। বিশেষ করে দরিদ্র মানুষের চোখের চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যেই তিনি নিজস্ব উদ্যোগে এ বিনামূল্যের চক্ষু শিবিরের আয়োজন করেছেন।

তিনি জানান, ভবিষ্যতেও এলাকার অসহায় মানুষের জন্য এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবেন।

কালের আলো/এসএকে

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন