বাংলাদেশের বিপক্ষে নজরে ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জারসিস ওয়াদিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২ আগস্ট, ২০২৬ । ২:৩০ অপরাহ্ণ

বাংলাদেশের বিপক্ষে আসন্ন প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জারসিস ওয়াদিয়া। ৬ আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হওয়া তিন দিনের ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে খেলবেন ২৪ বছর বয়সী এই বাঁহাতি স্পিন অলরাউন্ডার।

ভারতে জন্ম নেওয়া ওয়াদিয়া ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে কয়েক বছর আগে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রিমিয়ার ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পর গত মৌসুমে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশে অভিষেক হয় তাঁর। ব্রিসবেন হিটের বিপক্ষে মাত্র দ্বিতীয় ম্যাচেই প্রথম তিন বলে টানা তিনটি ছক্কা হাঁকিয়ে আলোচনায় চলে আসেন তিনি।

ওয়াদিয়ার ক্রিকেট জীবনের পেছনে রয়েছে পারিবারিক প্রেরণাও। তাঁর দাদা নেভিল ওয়াদিয়া গিনেজ বিশ্ব রেকর্ডধারী একজন ক্রিকেটার, যিনি মাইনর ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন। ছোটবেলায় দাদার কাছেই ক্রিকেটের হাতেখড়ি হয় তাঁর।

ভারতে বেড়ে ওঠার সময় থেকেই হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়ার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ওয়াদিয়ার। তিনি জানান, ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশে সুযোগ পাওয়ার পর দুই ভারতীয় অলরাউন্ডারের শুভেচ্ছা ও পরামর্শ তাঁকে অনুপ্রাণিত করেছে।

২০২০ সালে করোনা মহামারির কারণে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে সুযোগ হারানোর পর নিজের ক্যারিয়ারের নতুন পথ খুঁজতে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে চলে যান ওয়াদিয়া। সেখানে কঠোর পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

ওয়াদিয়া বলেন, তাঁর চূড়ান্ত লক্ষ্য অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে খেলা। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচকে তিনি সেই স্বপ্ন পূরণের পথে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন। ভালো পারফরম্যান্স করলে ভবিষ্যতে জাতীয় দলে জায়গা পাওয়ার সম্ভাবনাও বাড়বে বলে আশা করছেন এই তরুণ অলরাউন্ডার।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন