ব্রেন টিউমারের চিকিৎসার মাঝেই দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২৬ । ২:৪৫ অপরাহ্ণ

দীর্ঘ এক বছরেরও বেশি সময় লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরছেন বরেণ্য অভিনেতা ও সামাজিক আন্দোলনের নেতা ইলিয়াস কাঞ্চন।

সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ সময় সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স। বিমানবন্দরে তোলা একটি ছবিতে সাদা চুল ও দাড়িতে দেখা গেছে জনপ্রিয় এই অভিনেতাকে।

ইলিয়াস কাঞ্চনের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদ। তিনি জানান, কয়েক দিনের জন্য দেশে ফিরলেও চিকিৎসার কারণে শিগগিরই আবার লন্ডনে ফিরতে হবে অভিনেতাকে।

লিটন এরশাদ বলেন, ইলিয়াস কাঞ্চন দেশে ফিরছেন, তবে এই সফর দীর্ঘ হবে না। আগামী ১৫ আগস্ট লন্ডনে তাঁর চিকিৎসার পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা রয়েছে। তাই ১৪ আগস্টের আগেই তাঁকে আবার লন্ডনে ফিরে যেতে হবে।

ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর গত এক বছরের বেশি সময় ধরে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন ইলিয়াস কাঞ্চন। এরই মধ্যে তাঁকে ৬০টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। দীর্ঘ চিকিৎসার কারণে তাঁর শারীরিক অবস্থাতেও প্রভাব পড়েছে।

চিকিৎসার বর্তমান অবস্থা সম্পর্কে লিটন এরশাদ জানান, এখন পর্যন্ত কাঙ্ক্ষিত উন্নতি দেখা যায়নি। তবে পরিবারের পক্ষ থেকে লন্ডনে তাঁর সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করায় পরিবারের সিদ্ধান্তে কয়েক দিনের জন্য তাঁকে দেশে আনা হচ্ছে।

গত বছরের এপ্রিলে চিকিৎসার জন্য লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। একই বছরের আগস্টে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তবে জটিলতার কারণে টিউমারের বড় অংশ অপসারণ করা সম্ভব হয়নি। এরপর থেকে নিয়মিত কেমোথেরাপি ও অন্যান্য চিকিৎসা চলছে।

আগামী ১৫ আগস্ট চিকিৎসার পরবর্তী ধাপের পরীক্ষা-নিরীক্ষার জন্য আবার লন্ডনে ফিরতে হবে এই বরেণ্য অভিনেতাকে।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন