অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে ডারউইনে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম দিনের অনুশীলনে সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে বেশ চনমনে দেখা গেছে পেসার তাসকিন আহমেদকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশিত ভিডিওতে অনুশীলনে দুই হাতে দুটি ব্যাট নিয়ে হাসিমুখে মাঠে প্রবেশ করতে দেখা যায় তাসকিনকে। পরে অবশ্য নিজের মূল দায়িত্বে মনোযোগ দেন তিনি এবং বোলিং অনুশীলনে অংশ নেন।
দীর্ঘদিন ধরে গোড়ালি ও কাঁধের চোটে ভুগছিলেন তাসকিন। চিকিৎসার জন্য আগেই অস্ট্রেলিয়ায় গিয়ে পার্থে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন তিনি। পরে ৩১ জুলাই ঢাকা থেকে রওনা দেওয়া বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেন এই ডানহাতি পেসার।
এদিকে গতকাল রাতে আরও আট ক্রিকেটার অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়লেও তারা এখনো দলের সঙ্গে যোগ দেননি। তবে ডারউইনে থাকা ক্রিকেটাররা প্রথম দিনের অনুশীলনে ফিটনেস, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—সব বিভাগেই প্রস্তুতি সেরেছেন।
বিসিবির ভিডিও বার্তায় অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম বলেন, “বাংলাদেশ থেকে যাত্রাটা ভালো ছিল। আসার পথে একটি ট্রানজিট পেয়েছিলাম, সেখানে যথেষ্ট বিশ্রাম হয়েছে।”
প্রথম দিনের অনুশীলন নিয়ে তিনি বলেন, “সব মিলিয়ে ভালো প্রস্তুতি হয়েছে। উইকেট, ফিল্ডিং অনুশীলন থেকে শুরু করে রানিং—সব ধরনের কার্যক্রম আমরা করতে পেরেছি।”
আগামী ৫ আগস্ট পর্যন্ত ডারউইনে অনুশীলন করবে বাংলাদেশ দল। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। প্রস্তুতি ম্যাচ শেষে আরও দুই দিন অনুশীলন করবে দলটি। ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট, আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে।
অস্ট্রেলিয়া সফরের আগে ইনজুরির ধাক্কা লেগেছে বাংলাদেশ দলে। চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন পেসার নাহিদ রানা। অন্যদিকে লিটন দাস ও শরীফুল ইসলামকে প্রথম টেস্টের প্রাথমিক দলে রাখা হয়নি। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় অগ্রগতি হওয়ায় লিটনকে প্রথম টেস্টের দলে ফিরিয়ে আনা হয়েছে। শরীফুল দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিতে পারেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে একমাত্র জয়টি আসে ২০১৭ সালে মিরপুরে। বাকি পাঁচ ম্যাচেই হারতে হয়েছে টাইগারদের, যার তিনটিই ছিল ইনিংস ব্যবধানে।
কালের আলো/এসএ

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২৬ । ৪:৩৭ অপরাহ্ণ