এজেন্সির বিরোধে ঝুলে গেল রিয়াল মাদ্রিদে দিয়োমান্দের দলবদল

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২৬ । ৪:৪১ অপরাহ্ণ

রিয়াল মাদ্রিদে ইয়ান দিয়োমান্দের যোগ দেওয়ার আনুষ্ঠানিকতা প্রায় শেষ পর্যায়ে পৌঁছালেও শেষ মুহূর্তে জটিলতায় পড়েছে দলবদল। দুই খেলোয়াড় এজেন্সির মধ্যে প্রতিনিধিত্ব-সংক্রান্ত বিরোধের কারণে ১৯ বছর বয়সী আইভরিয়ান উইঙ্গারের স্প্যানিশ জায়ান্টে যোগ দেওয়া অনিশ্চয়তার মুখে পড়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস ও দেফেনসা সেন্ট্রাল-এর প্রতিবেদনে বলা হয়েছে, বুন্দেসলিগার ক্লাব আরবি লাইপজিগ থেকে দিয়োমান্দেকে দলে টানতে ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি মূল্যের চুক্তি চূড়ান্ত করার পথে ছিল রিয়াল মাদ্রিদ। এ বিষয়ে র‍্যাপার জে-জির মালিকানাধীন এজেন্সি রক নেশন-এর সঙ্গে আলোচনা চালিয়ে আসছিল ক্লাবটি। ভিনিসিয়ুস জুনিয়র ও এনদ্রিকের মতো খেলোয়াড়দেরও প্রতিনিধিত্ব করে এই সংস্থা।

তবে সাবেক আইভরি কোস্ট ফুটবলার ম্যাক্স গ্রাদেলের প্রতিষ্ঠান ম্যাক্সিদেল ম্যানেজমেন্ট দাবি করেছে, গত বছর লেগানেস থেকে আরবি লাইপজিগে দিয়োমান্দের দলবদল তারাই সম্পন্ন করেছিল। সেই চুক্তি অনুযায়ী লাইপজিগ ছাড়ার আগ পর্যন্ত খেলোয়াড়টির প্রতিনিধিত্বের অধিকার তাদেরই থাকার কথা। এ অভিযোগে তারা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও দাখিল করেছে।

আইভরিয়ান সাংবাদিক মালিক ত্রাওরের দাবি, পুরো বিষয়টি গোপন রাখায় রক নেশনের ওপর ক্ষুব্ধ রিয়াল মাদ্রিদ। অন্যদিকে এএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, এজেন্সিগুলোর এই বিরোধ সম্পর্কে আগে থেকে কিছুই জানত না স্প্যানিশ ক্লাবটি।

অবশ্য অভিযোগ অস্বীকার করেছে রক নেশন। সংস্থাটির প্রেসিডেন্ট মাইকেল ইয়োরমার্ক সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত খবরকে ‘ভুয়া’ ও ‘বিভ্রান্তিকর’ বলে দাবি করেছেন।

বিরোধটি শুধু দুই এজেন্সির মধ্যে সীমাবদ্ধ নয়। ফিফার এজেন্ট-সংক্রান্ত বিধিমালা অনুযায়ী, প্রতিনিধিত্ব নিয়ে চলমান বিরোধ আন্তর্জাতিক দলবদল প্রক্রিয়াকেও প্রভাবিত করতে পারে। ভুল পক্ষকে কমিশন পরিশোধ করলে সংশ্লিষ্ট ক্লাব শাস্তির মুখে পড়তে পারে। এমনকি বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খেলোয়াড়ের আন্তর্জাতিক স্থানান্তর সনদ (আইটিসি) ইস্যুও স্থগিত রাখতে পারে ফিফা।

তবে খেলোয়াড়ের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত না করতে বিশেষ পরিস্থিতিতে ফিফা সাময়িক নিবন্ধনের অনুমতিও দিতে পারে, যাতে দলবদল পুরোপুরি আটকে না যায়।

এদিকে ফিফা জানিয়েছে, ম্যাক্সিদেল ম্যানেজমেন্টের অভিযোগ তারা গ্রহণ করেছে এবং বিষয়টি পর্যালোচনা করছে। ফলে আপাতত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে দিয়োমান্দেও ‘অসুস্থতার’ কারণ দেখিয়ে আরবি লাইপজিগের অস্ট্রিয়ায় অনুষ্ঠিত প্রাক্-মৌসুম প্রস্তুতি ক্যাম্পে যোগ দেননি। সব মিলিয়ে তার ভবিষ্যৎ এখন ফিফার সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন