আগস্টে চার নতুন প্রযোজনা নিয়ে আসছে চরকি, থাকছে নাটক-কমেডি ও ভিন্নধর্মী গল্প

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২৬ । ৭:১০ অপরাহ্ণ

আগস্ট মাসজুড়ে দর্শকদের জন্য চারটি নতুন প্রযোজনা নিয়ে হাজির হচ্ছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। নাটক, কমেডি ও ভিন্নধর্মী গল্পের সমন্বয়ে সাজানো এই আয়োজনের প্রতিটি কাজেই থাকছে আলাদা স্বাদের গল্প।

চরকির আগস্টের প্রথম আয়োজন শুরু হবে আগামী ৬ আগস্ট আহমেদ হাসান সানির পরিচালনায় ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ দিয়ে। এরপর ১৩ আগস্ট মুক্তি পাবে চরকি ফ্লিক ‘রঙিন শুরমা’। এমডি রিয়াজুল হক ইমরান পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন আফজাল হোসেন ও আফসানা মিমি।

২০ আগস্ট মুক্তি পাবে চরকির ফ্ল্যাশ ফিকশন ‘ফাঁইসা গেছি’। মাহমুদুর রহমান হিমের পরিচালনায় নির্মিত এই কমেডি গল্পে অভিনয় করেছেন সাবিলা নূর ও দিব্য জ্যোতি। মাসের শেষ আয়োজন হিসেবে ২৭ আগস্ট মুক্তি পাবে ফুয়াদুজ্জামান ফুদের পরিচালনায় ‘পেইন্ট অন ড্রাই লিফ’। এতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও কাজী নওশাবা আহমেদ।

চরকি জানিয়েছে, আগস্টের প্রতিটি প্রযোজনাতেই গল্প ও নির্মাণশৈলীতে ভিন্নতা রাখার চেষ্টা করা হয়েছে।

এর মধ্যে ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ চলতি বছরের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। রাজনৈতিক দর্শন ও চিন্তার নানা দিক নিয়ে নির্মিত এই সিনেমাটি এবার চরকিতে এক্সক্লুসিভ স্ট্রিমিং হবে। এতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, আজাদ আবুল কালাম, এ কে আজাদ শেঠু, কেয়া আল জান্নাহ ও তানভীর অপূর্ব। সিনেমাটির প্রযোজক খালিদ মাহবুব তুর্জো।

‘রঙিন শুরমা’ একটি পারিবারিক আবেগঘন গল্প। একটি মিথ্যা, অসংখ্য চিঠি এবং দাম্পত্য জীবনের ভালোবাসাকে কেন্দ্র করে নির্মিত এই চরকি অরিজিনালে দীর্ঘদিন পর একসঙ্গে পর্দায় দেখা যাবে আফজাল হোসেন ও আফসানা মিমিকে।

‘ফাঁইসা গেছি’তে দেখা যাবে এক উবার চালকের গল্প। অদ্ভুত কিছু যাত্রীর সঙ্গে তার পরিচয়ের মাধ্যমে ধীরে ধীরে সুযোগ ও অপরাধের সীমারেখা অস্পষ্ট হয়ে ওঠে। আলফা-আই ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত এই ফ্ল্যাশ ফিকশনে দিব্য জ্যোতি, আরফান মৃধা শিবলু ও করভী মিজানও অভিনয় করেছেন।

অন্যদিকে ‘পেইন্ট অন ড্রাই লিফ’ একটি অতিবাস্তবধর্মী গল্পের নাটক। ধ্বংসের মুখেও মানুষের ভালোবাসা, আশা এবং টিকে থাকার সংগ্রামকে তুলে ধরা হয়েছে এতে। ইমতিয়াজ বর্ষণ ও কাজী নওশাবা আহমেদের অভিনয়ে নির্মিত এই গল্পে উঠে আসবে প্রতিকূলতার মধ্যেও মানুষের লড়াইয়ের কথা।

আগস্টের এই চার আয়োজনের মাধ্যমে দর্শকদের জন্য ভিন্ন ভিন্ন ঘরানার গল্প উপহার দিতে যাচ্ছে চরকি।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন