চরকিতে ৬ আগস্ট আসছে ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ । ১:২৪ অপরাহ্ণ

আগস্ট মাসজুড়ে দর্শকদের জন্য চারটি ভিন্ন ঘরানার কনটেন্ট মুক্তির ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। রাজনৈতিক গল্প, পারিবারিক নাটক, কমেডি এবং অতিবাস্তবধর্মী ড্রামা—প্রতি সপ্তাহে একটি করে নতুন কনটেন্ট নিয়ে হাজির হবে প্ল্যাটফর্মটি।

আগস্টের প্রথম সপ্তাহে, ৬ আগস্ট চরকিতে এক্সক্লুসিভভাবে মুক্তি পাবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। চলতি বছরের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি নির্মাণ করেছেন সংগীতশিল্পী ও নির্মাতা আহমেদ হাসান সানি। রাজনৈতিক দমন-পীড়ন, আদর্শ, রাষ্ট্র এবং দুই ভাইয়ের সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, আজাদ আবুল কালাম, এ কে আজাদ সেতু, তানভীর অপূর্ব ও কেয়া আল জান্নাহ।

আগস্টের দ্বিতীয় সপ্তাহে, ১৩ আগস্ট মুক্তি পাবে চরকি ফ্লিক ‘রঙিন সুরমা’। মো. রিয়াজুল হক পরিচালিত এই কনটেন্টে দীর্ঘদিন পর একসঙ্গে অভিনয় করেছেন আফজাল হোসেন ও আফসানা মিমি। একটি মিথ্যা, অসংখ্য চিঠি এবং এক দম্পতির ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি।

২০ আগস্ট মুক্তি পাবে কমেডি ঘরানার চরকি ফ্ল্যাশ ফিকশন ‘ফাইসা গেছি’। মাহমুদুর রহমান পরিচালিত এ কনটেন্টে অভিনয় করেছেন সাবিলা নূর, দিব্য জ্যোতি, আরফান মৃধা শিবলু ও করভী মিজান। একজন উবারচালকের বিচিত্র অভিজ্ঞতার মাধ্যমে সুযোগ ও অপরাধের সূক্ষ্ম পার্থক্য তুলে ধরা হয়েছে গল্পে।

মাসের শেষ সপ্তাহে, ২৭ আগস্ট মুক্তি পাবে ‘পেইন্ট অন ড্রাই লিফ’। ফুয়াদুজ্জামান ফুয়াদ পরিচালিত এই অতিবাস্তবধর্মী ড্রামায় অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও কাজী নওশাবা আহমেদ। ভালোবাসা, আশা এবং প্রতিকূলতার মধ্যেও মানুষের টিকে থাকার গল্প উঠে এসেছে এতে।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানান, আগস্টজুড়ে দর্শকরা চারটি ভিন্ন ঘরানার কনটেন্ট উপভোগ করতে পারবেন। পাশাপাশি সেপ্টেম্বরে আরও নতুন ও বৈচিত্র্যময় কনটেন্ট মুক্তির পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন