জুলাই গণ-অভ্যুত্থান দিবসে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে বিটিভি

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ । ৪:৩২ অপরাহ্ণ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। আগামী ৫ আগস্ট দিনজুড়ে কবিতা আবৃত্তি, সাক্ষাৎকার, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচির সরাসরি সম্প্রচার করবে চ্যানেলটি।

বিশেষ আয়োজন শুরু হবে বিকেল ৪টা ৫ মিনিটে জান্নাতুল ফেরদৌসের প্রযোজনায় কবিতা পাঠের অনুষ্ঠানের মাধ্যমে। এরপর বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচারিত হবে ইয়াসমিন আক্তারের প্রযোজনায় আয়নাঘরের দুঃসহ স্মৃতি নিয়ে নির্মিত সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান।

সন্ধ্যা ৭টায় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানভিত্তিক কবিতা আবৃত্তির বিশেষ আয়োজন প্রচারিত হবে। রাত ৮টা ৫০ মিনিটে থাকবে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান ও গণতন্ত্রের উত্তরাধিকার নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান। রাত ১০টায় নাচ, গান ও আলোচনার সমন্বয়ে নির্মিত বিশেষ অনুষ্ঠান এবং রাত ১১টায় আরেকটি আলোচনা অনুষ্ঠান প্রচার করবে বিটিভি।

স্টুডিওভিত্তিক অনুষ্ঠানের পাশাপাশি রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচিও সরাসরি সম্প্রচার করবে বিটিভি। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠান সরাসরি দেখানো হবে। দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি।

এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানও সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দিনব্যাপী এসব আয়োজনের পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত বিশেষ ফিলারও প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন