১০ বছর পর অভিনয়ে ফিরছেন ইমরান খান

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ । ৩:৫৪ অপরাহ্ণ

দীর্ঘ এক দশক পর আবারও অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেতা ইমরান খান। তিনি জানিয়েছেন, তাঁর নতুন সিনেমা ‘আধুরে হাম আধুরে তুম’-এর শুটিং শেষ হয়েছে এবং বর্তমানে ছবিটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে।

সম্প্রতি দ্য হলিউড রিপোর্টার-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান বলেন, গত ১০ বছরে এটি তাঁর প্রথম পূর্ণাঙ্গ সিনেমা। চলতি বছরের শেষ দিকে মুক্তির পরিকল্পনা রয়েছে। তিনি জানান, এটি একটি পরিণত বয়সের রোমান্টিক-কমেডি, যার গল্প তাঁর বর্তমান বয়স ও জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘কাট্টি বাট্টি’-র পর বড় পর্দা থেকে দূরে ছিলেন ইমরান। চলতি বছরের শুরুতে ‘হ্যাপি প্যাটেল: খাতারনাক জাসুস’ ছবিতে ছোট একটি চরিত্রে দেখা গেলেও, প্রধান অভিনেতা হিসেবে এটি তাঁর দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তন।

ইমরান বলেন, দীর্ঘ বিরতির পর এমন একটি গল্পই বেছে নিতে চেয়েছেন, যা তাঁর জীবনের অভিজ্ঞতা ও বর্তমান সময়কে প্রতিফলিত করে। তাঁর ভাষায়, “১০ বছর পর এই ছবিটিই আমার করা দরকার ছিল।”

‘আধুরে হাম আধুরে তুম’ ছবিতে ইমরানের সঙ্গে অভিনয় করেছেন তরুণ অভিনেতা গুরফাতেহ পিরজাদা।

উল্লেখ্য, ‘জানে তু… ইয়া জানে না’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় ইমরান খানের। প্রথম ছবির সাফল্যের পর তিনি বলিউডের জনপ্রিয় তরুণ অভিনেতাদের একজন হয়ে ওঠেন। দীর্ঘ বিরতির পর তাঁর নতুন সিনেমাকে ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন