জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর টিকিটের দাম ও অনলাইনে বুকিংয়ের উপায়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৫ আগস্ট, ২০২৬ । ২:৪৭ অপরাহ্ণ

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

কবে খুলছে এবং দর্শনার্থীদের জন্য সময়সূচি

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই জাদুঘর উদ্বোধন করেন। উদ্বোধনের দিনটি শুধুমাত্র জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে এবং সংবাদকর্মীদের জন্য বিশেষ সময় বরাদ্দ থাকবে। এরপর আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীরা এটি পরিদর্শন করতে পারবেন। জাদুঘরটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে।

টিকিটের মূল্য

জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

টিকিট কাটার নিয়ম ও প্রবেশ প্রক্রিয়া

অতিরিক্ত ভিড় এড়াতে দর্শনার্থীদের অনলাইনে আবেদন করে টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিদিন নির্দিষ্টসংখ্যক দর্শনার্থীর জন্য সময়ভিত্তিক স্লট বরাদ্দ থাকবে। অনলাইন বুকিংয়ের মাধ্যমেই দর্শনার্থীরা তাদের প্রবেশের নির্দিষ্ট সময় বা স্লট জানতে পারবেন। কোনো নির্দিষ্ট দিনের স্লট পূর্ণ হয়ে গেলে পরবর্তী দিনের জন্য বুকিং নিতে হবে। টিকিট কাটা যাবে এই লিংকে।

কারা কারা যেতে পারবেন

উদ্বোধনের প্রথম দিন অর্থাৎ ৫ আগস্ট শুধুমাত্র শহীদ পরিবারের সদস্যরা জাদুঘরটি পরিদর্শন করতে পারবেন। এরপর ৬ আগস্ট থেকে অনলাইনে বুকিং সাপেক্ষে সাধারণ দর্শনার্থীসহ সবাই জাদুঘরে প্রবেশ করতে পারবেন।

এই জাদুঘরে জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ, আন্দোলনের বিভিন্ন পর্যায়, বীরত্বগাথা এবং বিজয়ের ইতিহাস ও আত্মত্যাগের নানা স্মৃতিচিহ্ন দেখতে পাওয়া যাবে। একই সঙ্গে ঐতিহাসিক এসব বিষয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।

কালের আলো/জেএন/এমএসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন