বাংলাদেশের লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন এবার খেলবেন দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০-তে। নিলামের আগেই বিদেশি কোটায় সরাসরি চুক্তিতে তাকে দলে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ।
বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে রিশাদকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ভারতের সান গ্রুপের মালিকানাধীন এই দলটি আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদেরও মালিক।
রিশাদকে দলে নেওয়া হয়েছে আফগানিস্তানের রহস্যময় স্পিনার আল্লাহ গজনফরের বিকল্প হিসেবে। চোটের কারণে গজনফর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকবেন। কোমরের হাড়ে চিড় ধরায় তার সেরে উঠতে প্রায় চার মাস সময় লাগতে পারে।
গত কয়েক বছরে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অন্যতম গুরুত্বপূর্ণ বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ২৪ বছর বয়সী রিশাদ। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ১৪ উইকেট শিকার করেন তিনি। আসরে আফগানিস্তানের রশিদ খানের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন এই লেগ স্পিনার।
বিশ্বকাপের পর থেকেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে রিশাদের চাহিদা বাড়তে থাকে। এর আগে তিনি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগেও অংশ নিয়েছেন।
এসএ২০ ইতিহাসে অন্যতম সফল দল সানরাইজার্স ইস্টার্ন কেপ। লিগের প্রথম চার আসরের প্রতিটিতেই ফাইনালে উঠেছে তারা এবং তিনবার শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেছে।
আগামী জানুয়ারিতে শুরু হতে যাওয়া পঞ্চম আসরের জন্য দলটির মূল স্কোয়াড প্রায় অপরিবর্তিত রাখা হয়েছে। দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবসের নেতৃত্বাধীন দলে রয়েছেন মার্কো ইয়ানসেন, আনরিখ নরকিয়া, কুইন্টন ডি কক ও অ্যাডাম মিলনের মতো তারকারা।
নতুন দলে যোগ দিয়ে রিশাদ এখন দক্ষিণ আফ্রিকার এই জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে নিজের সামর্থ্য প্রমাণের অপেক্ষায়।
কালের আলো/এসএ

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৫ আগস্ট, ২০২৬ । ৬:১৭ অপরাহ্ণ