জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ৫ আগস্ট, ২০২৬ । ৭:৫৭ অপরাহ্ণ

সারাদেশে জুলাই শহীদদের নামে রাস্তা ও প্রতিষ্ঠানের নামকরণ হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, বিএনপি আজীবন জুলাই শহীদ ও তাদের পরিবারের পাশে থাকবে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকার দুলদুল ক্যাম্পে জুলাই শহীদদের স্মরণে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, ‘দেশের প্রত্যেকটি উপজেলায় জুলাই শহীদদের নামে রাস্তা ও প্রতিষ্ঠানের নামকরণ করা হবে। জুলাই শহীদদের আত্মত্যাগের কারণেই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচিত হতে পেরেছে।’

তিনি বলেন, ‘বিএনপি আজীবন জুলাই শহীদ এবং তাদের পরিবারের পাশে থাকবে। তাদের পরিবারকে বিভিন্ন সুযোগ-সুবিধা দিতে আমরা বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি। এসব পরিকল্পনা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়ন করা হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর দেশের জনগণকে সাথে নিয়ে আজকের যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন-সংগ্রাম করেছি ফ্যাসিবাদমুক্ত একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য। ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে আমরা সেই সুফল পেয়েছি। সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের মাগফিরাত কামনা করি এবং আহতদের সুস্থতা কামনা করছি। আমরা তাদের পাশে আছি এবং আজীবন তাদের পাশে থাকব।’

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইন ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আল রাফসান সামির সার্বিক সহযোগিতায় আয়োজিত এই মেডিক্যাল ক্যাম্পে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনুজ্জামান রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীসহ বিএনপি, ছাত্রদল ও মৎস্যজীবী দলের নেতারা।

ছাত্রনেতা মিনহাজুল আবেদীন নিঝুম, মারুফ সারওয়ার রুবেল ও সাইদুর রহমান সাঈদের আয়োজনে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে তিন শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।

কালের আলো/এম/এএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন