পূজায় আসছে রায়হান রাফীর বড় বাজেটের হরর সিনেমা ‘আন্ধার’

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৮ আগস্ট, ২০২৬ । ৩:০৮ অপরাহ্ণ
সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক দৃশ্য ‘ফাঁস’ করে ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছেন নির্মাতা রায়হান রাফী। অভিনব এই প্রচারণার মাঝেই জানা গেল তাঁর বহুল আলোচিত হরর চলচ্চিত্র ‘আন্ধার’ মুক্তির আনুষ্ঠানিক পরিকল্পনা। আগামী অক্টোবর মাসে দুর্গাপূজা উপলক্ষে ছবিটি প্রেক্ষাগৃহে আনার জোর প্রস্তুতি নিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান।
নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত না হলেও পূজার দীর্ঘ ছুটিকেই মুক্তির লক্ষ্য হিসেবে বেছে নেওয়া হয়েছে। পরিচালক রায়হান রাফী জানান, ঈদে সিনেমা মুক্তির মাধ্যমে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, তা তাঁরা পূজাতেও ফিরিয়ে আনতে চান। ছুটির দিনে দর্শক যাতে পরিবার নিয়ে সিনেমা হলে আসেন, সে উদ্দেশ্যেই এই পরিকল্পনা।
‘আন্ধার’কে বলা হচ্ছে দেশের অন্যতম বড় বাজেটের হরর ছবি। সিনেমার একটি বিশাল অংশে থাকছে ভিএফএক্স ও গ্রাফিকস অ্যানিমেশনের কাজ, যার সম্পাদন সম্পন্ন হয়েছে মুম্বাইয়ের একটি স্টুডিওতে। নির্মাতার বিশ্বাস, দীর্ঘদিন ধরে ঢাকাই চলচ্চিত্রে হরর ঘরানার যে শূন্যতা রয়েছে, এই সিনেমা তা অনেকটাই পূরণ করবে।
চলচ্চিত্রটির গল্পের পটভূমিও বেশ ভিন্ন। দেশের জনপ্রিয় দুই ব্যান্ডশিল্পী—অর্থহীনের সাইদুস সালেহীন সুমন (বাস বাবা সুমন) এবং ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী দীর্ঘদিন ধরে ঘুরে ঘুরে বিভিন্ন ভৌতিক লোককাহিনি ও অতিপ্রাকৃত ঘটনার গল্প সংগ্রহ করেছেন। তাঁদের সংগৃহীত সেই বাস্তব অভিজ্ঞতা থেকেই নির্মিত হয়েছে ‘আন্ধার’-এর কাহিনি। আন্তর্জাতিক মানের হরর কনটেন্ট উপহার দেওয়ার লক্ষ্যেই এই প্রচেষ্টা।
চিত্রনাট্যে নাজিফা তুষিকে দেখা যাবে ‘নাদিয়া’ চরিত্রে। সম্প্রতি ফাঁস হওয়া স্থিরচিত্রে তুষির পাশাপাশি দেখা গেছে জ্যেষ্ঠ অভিনেত্রী আফসানা মিমিকে। দীর্ঘ প্রায় এক বছর পর কাজ নিয়ে মুখ খুলে তুষি জানান, নাদিয়া চরিত্রটি তাঁর ক্যারিয়ারের অন্যতম প্রিয় ও চ্যালেঞ্জিং একটি কাজ।
তুষি ও আফসানা মিমি ছাড়া সিনেমাটির শক্তিশালী তারকাবহুল কাস্টে আরও রয়েছেন: চঞ্চল চৌধুরী,সিয়াম আহমেদ,গাজী রাকায়েত, মোস্তফা মন্ওয়ার, তানজিকা আমিন। এছাড়াও এই চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটছে ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির।
চলচ্চিত্রটির বেশিরভাগ শুটিং সম্পন্ন হয়েছে গাজীপুর ও ময়মনসিংহে। আগামী সেপ্টেম্বরে ছবিটি বাংলাদেশ সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে। মুক্তির আগে পর্যায়ক্রমে ছবিটির অফিশিয়াল পোস্টার, টিজার ও ট্রেলার প্রকাশ করা হবে।
কালের আলো/এসএ
প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন