শুরু হচ্ছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব, সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পাবেন যে ৬ সিনেমা

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৯ আগস্ট, ২০২৬ । ১২:০৪ অপরাহ্ণ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব ‘একল সেকাল’। শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে জাতীয় চিত্রশালা মিলনায়তনে ১১ আগস্ট পর্যন্ত চলবে এ উৎসব।

আজ বিকেল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের শুরু হবে। উদ্বোধনের পর সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র ‘রইদ’। এরপর রাত ৮টায় দেখানো হবে জহির রায়হানের কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’।

উৎসবের দ্বিতীয় দিন ১০ আগস্ট বিকেল সাড়ে ৫টায় প্রদর্শিত হবে খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’। রাত ৮টায় থাকছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত ‘মাস্তুল’।

শেষ দিন ১১ আগস্ট বিকেল সাড়ে ৫টায় প্রদর্শিত হবে আমজাদ হোসেন পরিচালিত ‘দুই পয়সার আলতা’। সমাপনী প্রদর্শনী হিসেবে রাত ৮টায় দেখানো হবে আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। উৎসবের সব প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।

উৎসবকে কেন্দ্র করে গত শুক্রবার শিল্পকলা একাডেমিতে ‘সমসাময়িক প্রেক্ষাপটে চলচ্চিত্রের একাল সেকাল’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সেমিনারকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন আকতানিন খায়ের তানিন। আলোচনায় অংশ নেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটির সভাপতি জহিরুল ইসলাম কচি, নির্মাতা মতিন রহমান, শাহীন দিল-রিয়াজ, মোহাম্মদ নূরুজ্জামান ও এস এম ইমরান হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী।

সেমিনারে স্বাধীন নির্মাতাদের পক্ষ থেকে চলচ্চিত্র প্রদর্শন ও নির্মাণের সুযোগ বাড়াতে বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরা হয়। ক্রমাগত সিঙ্গেল স্ক্রিন কমে যাওয়ায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনগুলোকে নিয়মিত বিকল্প সিনেমা হল হিসেবে ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়। শুধু উৎসবের সময় নয়, সারা বছর দেশের বিভিন্ন জেলায় চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করার কথাও বলা হয়েছে।

এ ছাড়া স্বাধীন ও নবীন নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে কনটেন্ট ব্যাংক তৈরি, ঢাকার বাইরের প্রদর্শনীতে নির্মাতাদের যুক্ত করা এবং স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও ফিল্ম সোসাইটিগুলোকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। খোলা মাঠ বা উন্মুক্ত মঞ্চে চলচ্চিত্র প্রদর্শন, অনলাইন প্রচারণা বাড়ানো এবং ব্যয় কমাতে ছোট কক্ষ বা উন্মুক্ত স্থান ব্যবহারের প্রস্তাবও আসে।

নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনের ব্যয় মেটাতে ১০ থেকে ২০ টাকা টিকিট চালু এবং স্বাধীন নির্মাতাদের জন্য শিল্পকলা একাডেমির মিলনায়তন ন্যূনতম ভাড়ায় দেওয়ার দাবিও জানানো হয়।

সেমিনারে উত্থাপিত প্রস্তাবগুলো ইতিবাচকভাবে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী। তিনি বলেন, স্বাধীন নির্মাতাদের দাবিগুলো যৌক্তিক এবং এসব উদ্যোগ বাস্তবায়নে তাঁর বিভাগ একাত্ম।

দীপক কুমার গোস্বামী জানান, দেশের বিভিন্ন শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম ও হলগুলো চলচ্চিত্র প্রদর্শনের উপযোগী করতে সাউন্ড সিস্টেম আধুনিকায়ন ও ভালো পর্দার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নাট্যদলগুলো যেভাবে মিলনায়তন ব্যবহারে রেয়াত পায়, স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের ক্ষেত্রেও ভাড়ায় রেয়াত দেওয়ার বিষয়টি পরিষদে তোলার কথা জানিয়েছেন তিনি।

তিনি আরও জানান, চলচ্চিত্র বিভাগ আলাদা করার প্রস্তাব সম্প্রতি সংসদে পাস হয়েছে। বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য শিল্পকলা একাডেমির মহাপরিচালকও নির্দেশনা দিয়েছেন।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন