ব্রেন টিউমারের পরবর্তী ধাপের চিকিৎসা নিতে আগামীকাল ১২ আগস্ট লন্ডনে ফিরে যাচ্ছেন অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। বুধবার সকাল ১০টার ফ্লাইটে ঢাকা ছাড়বেন তিনি। তাঁর সঙ্গে থাকবেন স্ত্রী ও জামাতা আরিফুল ইসলাম কলিন্স।
বিষয়টি জানিয়েছেন ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয়। তিনি জানান, লন্ডনে পৌঁছানোর পর প্রায় এক সপ্তাহ বিশ্রামে থাকবেন তাঁর বাবা। এরপর শুরু হবে চিকিৎসার পরবর্তী ধাপ। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা পরবর্তী চিকিৎসাপদ্ধতি নির্ধারণ করবেন।
জয় জানান, পূর্ব লন্ডনের বার্কিং এলাকায় থাকেন তাঁর বোন ইমা ইসলাম। এবার লন্ডনে ফিরে সেখানেই থাকবেন ইলিয়াস কাঞ্চন। এর আগেও ব্রেন টিউমারের চিকিৎসার সময় হাসপাতালের পাশাপাশি মেয়ের বাসায় অবস্থান করেছিলেন তিনি। এবারও মাউন্ট ভার্নন হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হবে।
গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করতে সক্ষম হলেও ঝুঁকি থাকায় পুরো টিউমার অপসারণ করা সম্ভব হয়নি।
অস্ত্রোপচারের পর শুরু হয় দীর্ঘমেয়াদি চিকিৎসা। টানা তিন মাস কেমোথেরাপির পাশাপাশি ওরাল থেরাপিও নিতে হয়েছে তাঁকে। সপ্তাহে পাঁচ দিন করে ১২ সপ্তাহের চিকিৎসায় ৬০টির বেশি কেমোথেরাপি নিয়েছেন এই অভিনেতা। এরপর প্রথম ধাপের তিন মাসের ওরাল থেরাপি শেষ করে আরও তিন মাসের দ্বিতীয় ধাপের ওরাল থেরাপি নেন তিনি।
ছেলে মিরাজুল মইন জয় জানান, চিকিৎসকেরা ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা নিয়ে সন্তুষ্ট। চিকিৎসার ফলে টিউমারটি অনেকটাই ছোট হয়ে এসেছে। তবে টিউমার পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি এবং কেমোথেরাপির ধাপও শেষ হয়েছে। তাই এবার নতুন চিকিৎসাপদ্ধতি শুরু করার বিষয়ে ভাবছেন চিকিৎসকেরা।
লন্ডনে পৌঁছানোর পর সিটি স্ক্যান, এমআরআইসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এসব পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসাপদ্ধতি নির্ধারণ করবেন চিকিৎসকেরা।
পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে সময় কাটাতে গত ৩ আগস্ট দেশে ফেরেন ইলিয়াস কাঞ্চন। দেশে ফেরার পর চলচ্চিত্র অভিনেতা আলমগীর, মিশা সওদাগর, শবনম, আনোয়ারা, সুচন্দা, রোজিনা, চম্পা, মুক্তিসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকেই তাঁর সঙ্গে দেখা করেন।
গত ৭ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত নিসচার ১১তম মহাসমাবেশেও যোগ দেন ইলিয়াস কাঞ্চন। আজ তাঁর কিশোরগঞ্জের গ্রামের বাড়িতে যাওয়ার কথা রয়েছে।
৯ আগস্ট রাতে নিজের শারীরিক অবস্থা নিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘দেশে আসার পর আজ একটু বেশি আরাম বোধ করছি। ঘুমটা খুব ভালো হয়েছে। অনেকেই আসছেন, দেখা করছেন, কথা বলছি, খুব ভালো লাগছে।’
তিনি আরও বলেন, ‘জীবনের এই পর্যায়ে এসে শুধু একটাই চাওয়া—আমার জন্য সবাই দোয়া করবেন, যেন দ্রুত চিকিৎসা শেষে দেশে ফিরতে পারি। আমার দেশে থাকতেই ভালো লাগে।’
কালের আলো/এসএ

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ । ৫:২২ অপরাহ্ণ