থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেতা খায়রুল বাসার। পাহাড়ের ওপর শুটিং শেষে নিচে নামার সময় স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি। এ সময় স্কুটিটি চালাচ্ছিলেন চিত্রগ্রাহক মেহেদী রনি। দুর্ঘটনায় দুজনই আহত হয়েছেন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটার পর থাইল্যান্ডের কোলান দ্বীপে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল থেকে গণমাধ্যমকে খায়রুল বাসার বলেন, ‘আমরা নাটকের শুটিং করতে থাইল্যান্ড এসেছিলাম। কাজ ঠিকমতোই চলছিল। এর মধ্যে আমাদের একটি দৃশ্যের শুটিং ছিল কোলান দ্বীপে। একপর্যায়ে আমরা পাহাড়ের ওপরে শুটিং করি। শুটিং ঠিকমতোই হয়েছে। কিন্তু নামতে গিয়ে হঠাৎ করে আমাদের স্কুটি নিয়ন্ত্রণ হারায়। সঙ্গে সঙ্গে আমরা পড়ে যাই।’
হঠাৎ দুর্ঘটনা ঘটায় শুরুতে কিছুই বুঝে উঠতে পারেননি তাঁরা। দুর্ঘটনার সময় শুটিং দলের অন্য সদস্যরা কিছুটা দূরে ছিলেন। পরে তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত খায়রুল বাসার ও মেহেদী রনিকে উদ্ধার করেন।
দুর্ঘটনায় নিজের আঘাতের বিষয়ে অভিনেতা বলেন, ‘দুর্ঘটনায় আমার বুকে ব্যথা পেয়েছি, হাঁটুতেও আঘাত লেগেছে। হাঁটতেই কষ্ট হচ্ছে। এখন আমরা পাতায়ায় এসেছি। এখানে হাসপাতালে চিকিৎসা নেব। এই অবস্থায় শুটিং বাতিল করতে হয়েছে। আমার যে শারীরিক অবস্থা, তাতে শুটিং করা সম্ভব নয়।’
খায়রুল বাসার জানান, দুর্ঘটনায় চিত্রগ্রাহক মেহেদী রনির শরীরের বেশ কিছু অংশ ছুলে গেছে। তাঁর আঘাত বাসারের চেয়েও গুরুতর বলে জানান অভিনেতা।
জানা গেছে, থাইল্যান্ডে একসঙ্গে কয়েকটি নাটকের শুটিং করতে গিয়েছেন খায়রুল বাসার। ঈদের পর দীর্ঘ বিরতি শেষে এবারই বিদেশে শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি।
তবে দুর্ঘটনার কারণে আপাতত নাটকগুলোর শুটিং বন্ধ রাখতে হয়েছে। চিকিৎসা ও বিশ্রামের পর শারীরিক অবস্থা বিবেচনা করে পরবর্তী শুটিংয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
কালের আলো/এসএ

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ । ৭:০৩ অপরাহ্ণ