মানবতাবিরোধী অপরাধ: কাদেরসহ ৭ আসামির সর্বোচ্চ শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১২ আগস্ট, ২০২৬ । ৩:৫৪ অপরাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন সরকারের সড়ক পরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন।

একই সঙ্গে আসামিদের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশও চেয়েছে রাষ্ট্রপক্ষ।

বুধবার (১২ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে সাংবাদিকদের এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মামলায় ওবায়দুল কাদেরের সঙ্গে আসামি হিসেবে রয়েছেন—কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর।

প্রসিকিউশনের পক্ষ থেকে একই সঙ্গে সাত আসামির সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দেওয়ারও আবেদন জানানো হয়েছে।

মামলাটি জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

কালের আলো/এসকে/এমএসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন