সাপ্তাহিক ব্যস্ততার পর ছুটির দিনে বিনোদনের জন্য ওটিটিতে এসেছে সিনেমা ও সিরিজের বেশ কিছু নতুন আয়োজন। কমেডি, রাজনৈতিক ড্রামা, ক্রাইম-থ্রিলার থেকে ভৌতিক—পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন এসব কনটেন্ট।
১. ককটেল টু — নেটফ্লিক্স
২০১২ সালের ‘ককটেল’-এর সিক্যুয়েল হলেও নতুন সিনেমাটির গল্প আগেরটির সঙ্গে সরাসরি যুক্ত নয়। আধুনিক প্রজন্মের সম্পর্কের জটিলতা নিয়ে তৈরি এই সিনেমায় অভিনয় করেছেন শহীদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যানন।
২. মাই বেস্ট ফ্রেন্ড, হিজ গার্লফ্রেন্ড অ্যান্ড মি — নেটফ্লিক্স
হালকা মেজাজের জার্মান কমেডি। অলি তার ঘনিষ্ঠ বন্ধু ও বন্ধুর প্রেমিকা রেবেকার সম্পর্ক মেনে নিতে পারে না। তাদের বিশ্বভ্রমণের পরিকল্পনা ভেস্তে দিতে নানা কৌশল শুরু করে সে। কিন্তু রেবেকাও পাল্টা জবাব দিতে প্রস্তুত। বন্ধুত্ব, দ্বন্দ্ব আর হাস্যরস মিলিয়ে জমে ওঠে গল্প।
৩. আখরি সওয়াল — লায়ন্সগেট প্লে
রাজনৈতিক প্রোপাগান্ডা ও আদর্শিক সংঘাতকে কেন্দ্র করে তৈরি হাই-ভোল্টেজ ড্রামা। একজন বিশ্ববিদ্যালয় অধ্যাপক ও তাঁর গবেষণা সহযোগীর আদর্শগত দ্বন্দ্ব শেষ পর্যন্ত লাইভ টেলিভিশন টকশোতে পৌঁছায়। সেখানেই সামনে আসতে থাকে নানা অজানা সত্য। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত ও নামাশি চক্রবর্তী।
৪. উমথেথো — নেটফ্লিক্স
ক্রাইম-থ্রিলার সিরিজটির গল্প এমবালিকে ঘিরে। দীর্ঘদিন নিখোঁজ থাকা ভাইকে হঠাৎ একটি ভয়ংকর জেল-গ্যাংয়ের প্রধান হিসেবে আবিষ্কার করে সে। ভাইকে অপরাধজগত থেকে ফিরিয়ে আনতে শুরু হয় তার বিপজ্জনক অভিযান।
৫. কদমবরি — অ্যামাজন প্রাইম ভিডিও
রহস্য ও ভৌতিক আবহের সিনেমা। প্রাচীন আরিয়ানাত্তু রাজবাড়ির একটি পুতুলের মধ্যে বন্দি থাকা প্রেতাত্মাকে ঘিরেই গল্প। দুই চোরের কারণে আত্মাটি মুক্ত হওয়ার পর প্রাসাদে শুরু হয় একের পর এক অস্বাভাবিক ঘটনা। শেষ উত্তরাধিকারী নিরঞ্জনের অদ্ভুত আচরণ গল্পটিকে আরও রহস্যময় করে তোলে।
কালের আলো/এসএ

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ । ১২:২৮ অপরাহ্ণ