বাথরুম থেকে তারকার মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ । ১:০৭ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রিয়ালিটি শো ‘দ্য চ্যালেঞ্জ’-খ্যাত তারকা টাইলার ডাকওয়ার্থের মরদেহ তার নিজ বাসার বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে টাইলারের মা জনি ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

গ্র্যান্ড ফর্কস পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার সকালে টাইলারের নিচতলার প্রতিবেশীরা তাদের সিলিং দিয়ে পানি পড়তে দেখেন। পরে পুলিশ টাইলারের বাসায় গিয়ে বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে তার মৃত্যুর পেছনে কোনো নাশকতা বা রহস্যজনক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত ও টক্সিকোলজি রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

আকস্মিক মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে মিনিয়াপলিসে অনুষ্ঠিত ‘দ্য চ্যালেঞ্জ ম্যানিয়া ইভেন্টে’ অংশ নিয়েছিলেন টাইলার। সেখানে সহকর্মীদের সঙ্গে তোলা ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন তিনি।

তার আকস্মিক মৃত্যুতে রিয়ালিটি শো অঙ্গন ও ভক্তদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

২০০৬ সালে এমটিভির রিয়ালিটি শো ‘দ্য রিয়েল ওয়ার্ল্ড: কি ওয়েস্ট’-এর মাধ্যমে টেলিভিশন জগতে পরিচিতি পান টাইলার ডাকওয়ার্থ। সাঁতারু হিসেবেও তার পরিচিতি ছিল।

পরবর্তী সময়ে ‘দ্য চ্যালেঞ্জ’-এর একাধিক আসরে অংশ নিয়ে রিয়ালিটি শোপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তবে শোবিজের বাইরেও তার আরেকটি পরিচয় ছিল—তিনি শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন।

৪৪ বছর বয়সে টাইলারের আকস্মিক মৃত্যু তার সহকর্মী ও ভক্তদের জন্য গভীর শোকের সংবাদ হয়ে এসেছে। মৃত্যুর কারণ সম্পর্কে ময়নাতদন্ত ও টক্সিকোলজি রিপোর্ট পাওয়ার পরই বিস্তারিত জানা যাবে।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন