ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে নিউজিল্যান্ড ফুটবল। একই সঙ্গে বিশ্বকাপের একটি অংশ বিক্রির বাতিল হয়ে যাওয়া বিনিয়োগ পরিকল্পনা নিয়ে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।
শুক্রবার এক বিবৃতিতে নিউজিল্যান্ড ফুটবল বলেছে, ফিফার কিছু সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের কারণে আন্তর্জাতিক ফুটবলে আস্থার সংকট ও বিভাজন তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আস্থা ও বিশ্বাস পুনরুদ্ধারে স্বাধীন পর্যালোচনা প্রয়োজন।
সংস্থাটি আরও বলেছে, আন্তর্জাতিক ফুটবলের প্রশাসনের ওপর আস্থা বজায় রাখতে সুশাসন, জবাবদিহি ও স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিফার সব সদস্য অ্যাসোসিয়েশনের জন্য আরও শক্তিশালী সুশাসন, জবাবদিহি ও স্বচ্ছতার পক্ষে অবস্থান নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে এমন অবস্থানের আগে চলতি সপ্তাহেই ফিফার তিন প্রভাবশালী কনফেডারেশন—ইউরোপের উয়েফা, উত্তর ও মধ্য আমেরিকার কনক্যাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)—এক যৌথ খোলাচিঠিতে ফিফা সভাপতির বিরুদ্ধে আস্থাভঙ্গের অভিযোগ তোলে। তাঁদের বক্তব্যে ইনফান্তিনোর বিরুদ্ধে ‘প্রতারণার মাধ্যমে’ আস্থা নষ্ট করার অভিযোগও উঠে আসে।
আগামী মার্চে ফিফা সভাপতি হিসেবে পুনর্নির্বাচনের আগে এসব কনফেডারেশন ইনফান্তিনোর পদত্যাগ চাইছে বলে ধারণা করা হচ্ছে।
নিউজিল্যান্ড ফুটবল হলো ইনফান্তিনোর প্রতি প্রকাশ্যে সমর্থন প্রত্যাহার করা সর্বশেষ ফিফা সদস্য। এর আগে নরওয়ে ফুটবল ফেডারেশনও তাঁকে পদত্যাগের আহ্বান জানিয়েছিল।
বুধবার আঞ্চলিক সংস্থা ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের (ওএফসি) বৈঠকের পর নিউজিল্যান্ড ফুটবল নিজেদের অবস্থান স্পষ্ট করে। তবে ওএফসি সরাসরি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেনি। বরং বিশ্বকাপের বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা স্থগিত রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তারা।
ওএফসি বলেছে, সুশাসন, স্বচ্ছতা এবং প্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার প্রতি সম্মান ফুটবলের কার্যকর প্রশাসন ও টেকসই উন্নয়নের জন্য মৌলিক বিষয়।
অন্যদিকে ইনফান্তিনো ও ফিফাকে দুর্বল করার চেষ্টা চলছে—এমন অভিযোগ তুলে সমালোচনার জবাব দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
এর মধ্যেই ইনফান্তিনোর প্রতি নিজেদের ‘পূর্ণ সমর্থন’ ও ‘আস্থা’ প্রকাশ করেছেন ছয়টি আরব ফুটবল ফেডারেশনের প্রধান। ২০৩০ বিশ্বকাপের অন্যতম আয়োজক মরক্কোর পাশাপাশি কাতার, মিসর, মৌরিতানিয়া, লেবানন ও সুদানও ফিফা সভাপতির প্রতি সমর্থন জানিয়েছে।
ফলে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে ফিফার সদস্য দেশ ও আঞ্চলিক কনফেডারেশনগুলোর মধ্যে মতবিরোধ এখন আরও প্রকাশ্য হয়ে উঠেছে। একদিকে ইউরোপ, এশিয়া ও উত্তর ও মধ্য আমেরিকার প্রভাবশালী কনফেডারেশনগুলোর সমালোচনা, অন্যদিকে আরব দেশগুলোর সমর্থন—সব মিলিয়ে আগামী মার্চের ফিফা সভাপতি নির্বাচন সামনে রেখে বিশ্ব ফুটবলের প্রশাসনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
কালের আলো/এসএ

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ । ১:২৯ অপরাহ্ণ