শ্রীলঙ্কার ক্রিকেটে পরিচিত কোচ সুমিথ ফার্নান্দো খেলোয়াড়দের মধ্যে মারামারি থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন। ৬২ বছর বয়সী এই কোচের হাতে বেড়ে উঠেছেন দেশটির উইকেটকিপার-ব্যাটসম্যান কুশল মেন্ডিসসহ অনেক তরুণ ক্রিকেটার।
গত ৮ আগস্ট কলম্বোর ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর গুরুতর আহত ফার্নান্দোকে দ্রুত কলম্বোর ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।
জানা গেছে, অনুশীলনরত একদল তরুণ ক্রিকেটার পানি নিতে গিয়ে দেখতে পান, ট্যাপে কোনো পানি নেই। এ নিয়ে খেলোয়াড় ও ক্লাবের কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্লাবের কিউরেটর ফার্নান্দো সেখানে গিয়ে বিষয়টি থামানোর চেষ্টা করেন।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, দুই খেলোয়াড়কে ঘিরে মারামারির সময় ফার্নান্দো আঘাত পান। এ ঘটনায় ১৭ বছর বয়সী এক স্কুল ক্রিকেটারের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পুলিশ ওই ১৭ বছর বয়সী ক্রিকেটারকে গ্রেপ্তার করে আদালতে হাজির করেছে। পরে তাকে ১৭ আগস্ট পর্যন্ত প্রবেশন ও শিশুকল্যাণ অধিদপ্তরের তত্ত্বাবধানে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, ক্লাবের এক কর্মী ওই কিশোর ক্রিকেটারকে মারার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এর জবাবে কিশোরটি পাল্টা আঘাত করে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
ফার্নান্দো শুধু ক্লাব পর্যায়ের কোচই ছিলেন না, স্কুল ক্রিকেটেও দীর্ঘদিন মেন্টর হিসেবে কাজ করেছেন। তাঁর কাছেই ক্রিকেটের প্রাথমিক শিক্ষা নিয়েছিলেন কুশল মেন্ডিস। শ্রীলঙ্কার ক্রিকেটে তরুণ প্রতিভা তৈরিতে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
খেলোয়াড়দের একটি সামান্য বিরোধ শেষ পর্যন্ত একজন অভিজ্ঞ ক্রিকেট কোচের প্রাণ কেড়ে নেওয়ায় ঘটনাটি শ্রীলঙ্কার ক্রিকেট অঙ্গনে গভীর শোকের সৃষ্টি করেছে।
কালের আলো/এসএ

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ । ২:৪৮ অপরাহ্ণ