‘লায়ন’ সিনেমায় আর অভিনয় করছেন না জিৎ

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ । ৪:৩২ অপরাহ্ণ

রায়হান রাফীর বহুল আলোচিত সিনেমা ‘লায়ন’ নিয়ে অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করেছেন টালিউড অভিনেতা জিৎ। দুই বছর আগে সিনেমাটির ঘোষণা এলেও এখনো শুটিং শুরু হয়নি। এবার জিৎ জানিয়ে দিলেন, এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

২০২৪ সালে জিতের জন্মদিন উপলক্ষে ‘লায়ন’ সিনেমার ঘোষণা দেওয়া হয়েছিল। পরে ভারতীয় প্রযোজক শ্যামসুন্দর দে সিনেমাটির সঙ্গে যুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করেন। বড় বাজেট ও বৃহৎ পরিসরে নির্মাণের পরিকল্পনার কারণে শুটিং শুরুতে দেরি হচ্ছে বলে এর আগে জানিয়েছিলেন নির্মাতা রায়হান রাফী।

তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সিনেমাটির কাজ আর এগোয়নি। এর মধ্যেই সিনেমাটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানালেন জিৎ।

সম্প্রতি পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া তাঁর নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর প্রচারণার সময় এক সাক্ষাৎকারে ‘লায়ন’ প্রসঙ্গে কথা বলেন অভিনেতা।

জিৎ জানান, সিনেমাটি আপাতত হচ্ছে না। তাঁর ভাষ্য অনুযায়ী, সিনেমাটির যে প্রযোজক পরিকল্পনা করছিলেন, তিনি বর্তমানে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের সম্পর্কের অবনতিও প্রকল্পটি আটকে যাওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

জিৎ আরও জানান, সিনেমাটির কাজ আবার শুরু করতে আগ্রহী ছিলেন নির্মাতা রায়হান রাফী। তবে সেই প্রস্তাবে তিনি রাজি হননি। নিজের সিদ্ধান্তের কথা রাফীকেও স্পষ্টভাবে জানিয়েছেন বলে জানান অভিনেতা।

রায়হান রাফীর ‘লায়ন’ সিনেমায় জিতের পাশাপাশি অভিনয় করার কথা ছিল বাংলাদেশের অভিনেতা শরিফুল রাজের। সিনেমাটি ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। বাংলাদেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠানও এতে যুক্ত হওয়ার কথা ছিল।

তবে জিৎ সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর কথা জানালেও এ বিষয়ে এখনো নির্মাতা রায়হান রাফীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

‘লায়ন’ শুটিং ফ্লোরে না গড়ালেও একাধিক প্রকল্প নিয়ে ব্যস্ত সময় পার করছেন রায়হান রাফী। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর পরিচালিত সিনেমা ‘আন্ধার’। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা আমিনসহ অনেকে।

এ ছাড়া আগামী অক্টোবরে ‘সুড়ঙ্গ ২’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আফরান নিশো অভিনীত সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট।

সব মিলিয়ে দুই বছর আগে আলোচনার জন্ম দেওয়া ‘লায়ন’ এখন অনিশ্চয়তার মুখে। আর জিতের সরে দাঁড়ানোর ঘোষণায় সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে তৈরি হয়েছে প্রশ্ন।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন