সিরাজগঞ্জে এমপির গাড়িতে ঢিল, হামলার অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ । ১:৪১ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় গাড়িটির পেছনের কাচ ভেঙে গেছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে জামায়াত।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পর এমপি আইনুল হককে নিরাপদে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ধানগড়া বাজার এলাকায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের স্থান নির্ধারণ নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি ভিপি আইনুল হক। সভা শেষে গাড়িতে করে ফেরার সময় কয়েকজন তার গাড়ি ঘিরে ধরেন। একপর্যায়ে গাড়ি চলে যাওয়ার সময় পেছন থেকে ঢিল ছোড়া হলে গাড়িটির কাচ ভেঙে যায়।

এমপির সঙ্গে থাকা ফয়সাল বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে দাবি করেন, জামায়াত-শিবির, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গাড়িতে হামলা করেছেন।

এমপির ভাতিজা মাহমুদুল হাসান ফারুকও অভিযোগ করেন, গাড়ি ঘিরে লাঠিসোঁটা দিয়ে আঘাত ও পাথর ছোড়া হয়। পরে এমপিকে চান্দাইকোনা হয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করে রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির গোলাম মর্তুজা বলেন, কোনো হামলার ঘটনা ঘটেনি। তার দাবি, টিটিসির স্থান নির্ধারণ নিয়ে স্থানীয়দের আপত্তি ছিল এবং এমপির গাড়ি থেকেই লোকজনের ওপর গাড়ি তোলার চেষ্টা করা হয়েছিল।

এদিকে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান বলেন, একটি মিটিং শেষে ফেরার পথে আইনুল হকের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন