রাজধানীতে যন্ত্রচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম। একই সঙ্গে রাজধানীতে চাঁদাবাজি কঠোরভাবে দমনে পুলিশকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) কার্যালয়ে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট পরিস্থিতির উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সেবা বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডিসিসিআই ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে লাইসেন্স নবায়ন সেবা সপ্তাহের উদ্বোধন এবং নবায়নকৃত ট্রেড লাইসেন্স বিতরণ করা হয়।
মাসুদ করিম বলেন, যন্ত্রচালিত অটোরিকশা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এ বিষয়ে নীতিমালা প্রণয়নের কাজ এগিয়ে চলছে। সমস্যাটির স্থায়ী সমাধানের চেষ্টা করা হচ্ছে এবং এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ও অত্যন্ত আন্তরিক।
রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ক্যামেরাগুলো সচল করার উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা ক্যামেরাগুলো সচল করতে চাই।’ পাশাপাশি ঢাকাকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে বলেও জানান তিনি।
চাঁদাবাজির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে ডিএমপির এই কর্মকর্তা বলেন, চাঁদাবাজির বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। পুলিশ সদস্যদের চাঁদাবাজির বিরুদ্ধে অত্যন্ত কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ট্রেড লাইসেন্স ব্যবসা পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাথমিক দলিল। তবে নিবন্ধন ও নবায়ন প্রক্রিয়ায় তথ্যের ঘাটতি, প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে অস্পষ্টতা, একাধিকবার অফিসে যাতায়াত এবং বিভিন্ন ধাপে সময়ক্ষেপণের কারণে ব্যবসায়ীরা হয়রানির শিকার হন। তাই ট্রেড লাইসেন্স নবায়ন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, শুধু তাৎক্ষণিকভাবে ট্রেড লাইসেন্স নবায়নে সহায়তা নয়, ভবিষ্যতে ব্যবসায়ীরা যেন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেরাই প্রয়োজনীয় সেবা নিতে পারেন, সেই সক্ষমতা তৈরি করতে হবে।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান জানান, সিটি করপোরেশনের রাজস্ব আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ খাত হলো হোল্ডিং ট্যাক্স ও লাইসেন্স। বর্তমানে ডিএসসিসির আওতায় মোট ২ লাখ ৪৬ হাজার ১৮টি ট্রেড লাইসেন্স রয়েছে।
তিনি বলেন, ব্যবসার ধরন, প্রকৃতি, শ্রেণি ও সাইনবোর্ডের পরিমাণ অনুযায়ী সিটি করপোরেশন আইন, ২০০৯ এবং আদর্শ কর তফসিল, ২০১৬ অনুসারে ২৯৪ ধরনের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিএসসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ব্যবসায়ী নেতারা।
কালের আলো/এএএন/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ । ৩:৪৪ অপরাহ্ণ