মিরপুরে সর্বোচ্চ, রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪৬৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ । ১২:২৫ অপরাহ্ণ

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় মোট ৫২টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ৪১, ওয়ারীতে ৫৩, মতিঝিলে ৪৮, তেজগাঁওয়ে ৫৮, মিরপুরে ১২৩, গুলশানে ৪৪, উত্তরা বিভাগে ৫৪ এবং গোয়েন্দা বিভাগে ৮ জন রয়েছেন।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলবার, দুটি সামুরাইসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া বিপুল পরিমাণ মাদকদ্রব্যের মধ্যে ৮৬ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৭৬৩ পিস ইয়াবা ও ৩.৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া মদ, ছুরি, বিভিন্ন ধরনের ট্যাপ, ১০টি মোবাইল ফোন, ২১.২ লিটার ওষুধের কেমিক্যাল এবং একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র, মাদক ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন