গুম-খুন ও দুর্নীতির ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠন: রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ । ১:০৪ অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, গুম-খুন, অরাজকতা ও ব্যাপক দুর্নীতির একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার দেশ পুনর্গঠনের কাজ করছে।

সোমবার (১৭ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণের কল্যাণে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

বিগত সরকারের সময়ের সমালোচনা করে তিনি বলেন, দেশে রাজনৈতিক অস্থিরতা, গুম-খুন এবং বিচারবহির্ভূত হত্যার মতো ঘটনা ঘটেছে। একই সঙ্গে ব্যাংকিং খাত ও মেগা প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগও তুলে ধরেন তিনি।

বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার সময় অর্থনীতি ও প্রশাসনে নানা সংকট ছিল উল্লেখ করে রিজভী বলেন, এসব সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তবে সামাজিক সুরক্ষা, অবকাঠামো, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করাই নির্বাচিত সরকারের অন্যতম দায়িত্ব। সংসদ ও গণমাধ্যমের মাধ্যমে সরকারের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা চলছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন