বাংলাদেশ ব্যাংক থেকে ঋণসংক্রান্ত নীতি সহায়তা বা প্রণোদনা পেতে হলে সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। মামলা অনিষ্পন্ন থাকলে সংশ্লিষ্ট গ্রাহকের নীতি সহায়তার আবেদন বিবেচনা করা হবে না।
সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্স কোম্পানি প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করেছে। দেশের সব এনবিএফআইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো নির্দেশনায় বিষয়টি জানানো হয়।
সার্কুলারে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা পুনর্গঠন, আর্থিক খাতকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের আওতায় ঋণগ্রহীতাদের বিভিন্ন প্রণোদনা ও নীতি সহায়তা দেওয়া হচ্ছে।
তবে বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে, কিছু গ্রাহক একদিকে নীতি সহায়তা নিচ্ছেন, অন্যদিকে সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে দায়ের করা রিটসহ বিভিন্ন মামলা চালিয়ে যাচ্ছেন। এতে আর্থিক খাতে মামলাজট তৈরি হচ্ছে বলে উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন নির্দেশনা অনুযায়ী, নীতি সহায়তা পেতে হলে সংশ্লিষ্ট গ্রাহককে মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি প্রত্যাহার করা মামলার তালিকাসহ একটি হলফনামা দিতে হবে। এতে সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে কোনো মামলা অনিষ্পন্ন নেই—এ কথা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, হলফনামা পাওয়ার পর গ্রাহকের জন্য নির্ধারিত নীতি সহায়তা বা প্রণোদনার শর্ত পরিবর্তন করা যাবে না। ফাইন্যান্স কোম্পানির নীতিগত সম্মতির ভিত্তিতেই সহায়তা বাস্তবায়ন করতে হবে।
ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। সার্কুলারটি অবিলম্বে কার্যকর হবে।
কালের আলো/এসকে/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ । ৬:৫৬ অপরাহ্ণ