নারীদের জন্য ঢাকায় চালু হচ্ছে বিশেষ ‘পিংক বাস’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ । ৯:৫৫ পূর্বাহ্ণ

নারীদের গণপরিবহনে যাতায়াত আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন করতে রাজধানীতে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। গোলাপি রঙের এসব বাসে চালক ও কন্ডাক্টর—দুই দায়িত্বেই থাকবেন নারী কর্মীরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ বাস সার্ভিসের উদ্বোধন করা হবে।

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) জানিয়েছে, প্রাথমিকভাবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ১০টি বাস চলাচল করবে। একইসঙ্গে ঢাকার বাইরে বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে দুটি বাস এই সেবার আওতায় যুক্ত হবে।

প্রথম দিন উদ্বোধনের পর বিকেলে যাত্রী পাওয়া সাপেক্ষে বাস চলাচল করবে। বুধবার (১৯ আগস্ট) থেকে নির্ধারিত রুটে পুরোদমে ‘মহিলা বাস সার্ভিস’ চালু হওয়ার কথা রয়েছে।

রাজধানীতে নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, মোহাম্মদপুর-মতিঝিল ও আব্দুল্লাহপুর-মতিঝিলসহ গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে এসব বাস চলাচল করবে। এছাড়া গাজীপুর-বিমানবন্দর রুটেও বিশেষ বাস রাখা হয়েছে।

ঢাকার বাইরে বগুড়ার শেরপুর-মাটিডালি এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটে নারী চালক ও কন্ডাক্টর পরিচালিত বাস চলবে।

বিআরটিসি বলছে, এই উদ্যোগের মাধ্যমে গণপরিবহনে নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়ানোর পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান ও অংশগ্রহণও বাড়বে। যাত্রীদের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় ভবিষ্যতে বাসের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন