ইউক্রেন যুদ্ধের বিরোধিতাকারী রাজনীতিক লেভ শ্লাসবার্গকে ১১ বছর ১ মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ । ১১:২৬ পূর্বাহ্ণ

ইউক্রেন যুদ্ধের বিরোধিতাকারী রুশ রাজনীতিক লেভ শ্লাসবার্গকে ১১ বছর ১ মাসের কারাদণ্ড দিয়েছেন রাশিয়ার একটি আদালত। ‘রাশিয়ার সশস্ত্র বাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো’ এবং তাদের ‘বদনাম’ করার অভিযোগে তাঁকে এ সাজা দেওয়া হয়।

সোমবার পসকভ শহরের একটি আদালত ৬৩ বছর বয়সী শ্লাসবার্গের বিরুদ্ধে এই রায় দেন। রায়ের পর তিনি বলেন, রাজনৈতিক, সামাজিক ও নাগরিক অবস্থানের কারণে তাঁকে শাস্তি দেওয়াই এই মামলার মূল উদ্দেশ্য।

শ্লাসবার্গ রাশিয়ার উদারপন্থী রাজনৈতিক দল ইয়াবলোকোর উপপ্রধান। দলটি জানিয়েছে, আদালতের রায়ের বিরুদ্ধে তারা আপিল করবে।

এর আগে রাশিয়ার সুপ্রিম কোর্ট ইয়াবলোকোর আসন্ন পার্লামেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখেন। আগামী সেপ্টেম্বরে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি চেয়ে দলটির করা আপিলও সুপ্রিম কোর্ট খারিজ করে দেন। শ্লাসবার্গের কারাদণ্ড ঘোষণার মাত্র কয়েক মিনিট আগে এই সিদ্ধান্ত আসে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর ইয়াবলোকো ছিল দেশটির একমাত্র নিবন্ধিত রাজনৈতিক দল, যারা প্রকাশ্যে যুদ্ধের বিরোধিতা করেছিল।

বিশ্লেষকদের মতে, ইয়াবলোকোর নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ করা এবং শ্লাসবার্গের মতো যুদ্ধবিরোধী রাজনীতিককে দীর্ঘ কারাদণ্ড দেওয়ার ঘটনা রাশিয়ায় রাজনৈতিক বিরোধিতার পরিসর আরও সংকুচিত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। প্রায় ২৭ বছর ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রে থাকা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারের সমালোচকদের ওপর দমন-পীড়নের অভিযোগও দীর্ঘদিনের।

কালের আলো/এসএ

 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন