দুই ইস্যুতে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ । ১১:৪০ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা চললেও এখনো সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শেখ হাসিনার প্রত্যর্পণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

ঢাকা ও দিল্লির সরকারি সূত্রের বরাতে জানা গেছে, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক আস্থা পুনর্গঠনকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। বিশেষ করে ভারতে অবস্থানরত শেখ হাসিনার বিষয়ে দিল্লির অবস্থান কী—তা স্পষ্টভাবে জানতে চায় ঢাকা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, ভারতীয় পক্ষের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। ভারতের জবাব পাওয়ার পর প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের সময়সূচি ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ভারতে যাবেন না—এমন কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। বরং শেখ হাসিনার প্রত্যর্পণ এবং বাংলাদেশে আলোচিত একটি হত্যা মামলার অভিযুক্ত ব্যক্তির প্রত্যর্পণসহ দুটি বিষয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে এসব বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করার পরই প্রধানমন্ত্রীর সফর নিয়ে পরবর্তী আলোচনা এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফলে এখন দিল্লির আনুষ্ঠানিক জবাবের দিকেই তাকিয়ে রয়েছে ঢাকা।

কালের আলো/এএইচ/এমএসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন