আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায়।
মন্ত্রণালয়ের যোগাযোগ বিভাগের পরিচালক আফরা আল হামেলি জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সঙ্গে বাণিজ্য, বাণিজ্যিক বিনিময় ও অর্থনৈতিক লেনদেন বন্ধ থাকবে।
গত কয়েক মাসে ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছে ইউএই। বিশেষ করে গত ১৩ আগস্ট আবুধাবির রাষ্ট্রীয় তেল কোম্পানি অ্যাডনকের দুটি ট্যাংকার ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়ার পর সম্পর্ক স্থগিতের বিষয়টি জোরালোভাবে বিবেচনা করে দেশটি।
মঙ্গলবারও পারস্য উপসাগরের আন্তর্জাতিক বাণিজ্যপথে ইউএইর দুটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠেছে। তবে জাহাজ দুটি ক্ষেপণাস্ত্রের পাল্লার বাইরে থাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তবে ইউএইর অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই বলেন, ইরান কখনো ইউএইকে শত্রু হিসেবে বিবেচনা করে হামলা করেনি। একই সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে তেহরান।

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ । ১০:৩৫ পূর্বাহ্ণ