লন্ডন চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ । ১১:৪৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে একের পর এক সাফল্য পাচ্ছে বাংলাদেশি নির্মাতা রুবাইয়াত হোসেনের নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ভেনিস চলচ্চিত্র উৎসব ও টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়ার পর এবার সিনেমাটি জায়গা করে নিয়েছে যুক্তরাজ্যের বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরে।

শুধু নির্বাচিত হওয়াই নয়, লন্ডন চলচ্চিত্র উৎসবের ‘বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’-এর জন্য প্রতিযোগিতা করবে সিনেমাটি। আগামী ৭ থেকে ১৮ অক্টোবর যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে উৎসবটি। মূল প্রতিযোগিতা বিভাগে মোট ১০টি সিনেমা অংশ নিচ্ছে।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে জাপানের হিরোকাজু কোরে-এদার ‘লুক ব্যাক’, ইউক্রেনের সের্গেই লোজনিতসার ‘ইম্পেরিয়াম’, যুক্তরাজ্যের ক্যারল মরলির ‘৭ মাইলস আউট’, হাঙ্গেরির লিলি হরভাটের ‘মাই নোটস অন মার্স’, আর্জেন্টিনার বেঞ্জামিন নাইশতাটের ‘গ্ল্যাক্সো’, ইতালির জিওভান্নি তরতোরিচির ‘কেটিসে’সহ আরও কয়েকটি সিনেমা।

এর আগে ভেনিস ও টরন্টো উৎসবে নির্বাচিত হয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসব দুটিতে প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে জায়গা করে নেওয়ার পর এবার লন্ডনের প্রতিযোগিতা বিভাগে সুযোগ পাওয়ায় সিনেমাটিকে ঘিরে প্রত্যাশা আরও বেড়েছে।

নির্মাতা রুবাইয়াত হোসেন জানিয়েছেন, ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একটি মনস্তাত্ত্বিক হরর সিনেমা। ঢাকার ঐতিহ্যবাহী মেফেয়ার বিউটি পার্লারকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমার গল্প।

কথিত আছে, একসময় ওই পার্লারে এক কনে রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। গল্পে এক তরুণী নিজের বিয়ের প্রস্তুতির জন্য পার্লারে আসার পর একের পর এক অদ্ভুত ও অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি হয়। রহস্য, মনস্তত্ত্ব ও অতিপ্রাকৃত উপাদানের সমন্বয়ে ধীরে ধীরে উন্মোচিত হয় ঘটনার অজানা দিক।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। এই সিনেমার মাধ্যমে অভিনয়ে তাঁর অভিষেক হচ্ছে।

এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। আরও রয়েছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।

রুবাইয়াত হোসেনের সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফ্রান্সের ফ্রাঁসোয়া ডি’আর্টেমারে, জার্মানির আন্না ক্যাচকো, পর্তুগালের পেদ্রো বোর্গস ও নরওয়ের ইনগার্ড লিল হটন।

ভেনিস, টরন্টো ও লন্ডনের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ধারাবাহিকভাবে নির্বাচিত হওয়ায় ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ এখন বাংলাদেশের চলচ্চিত্রের আন্তর্জাতিক যাত্রায় নতুন এক সম্ভাবনার নাম হয়ে উঠেছে।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন