বেলুচিস্তানে ৮ দিনে ২২ হামলার দাবি, নিহত ২৬ পাকিস্তানি নিরাপত্তা সদস্য

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ । ১১:৫৮ পূর্বাহ্ণ

পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে মাত্র আট দিনে ২২টি হামলা চালিয়ে অন্তত ২৬ জন পাকিস্তানি সামরিক ও সরকার সমর্থিত বাহিনীর সদস্যকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)।

সংবাদমাধ্যম দ্য বেলুচিস্তান পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ থেকে ১৫ আগস্ট পর্যন্ত প্রদেশটির বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়। সংগঠনটির মুখপাত্র জীয়ান্দ বেলুচ এক বিবৃতিতে হামলাগুলোর দাবি করেন। তবে এসব ঘটনায় পাকিস্তানের সেনাবাহিনী বা সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পূর্ণাঙ্গ কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, ৯ আগস্ট চাগাইয়ের কোয়েটা-তাফতান বাণিজ্যিক সড়কে তিনটি বাণিজ্যিক গাড়ি জব্দের মধ্য দিয়ে বিএলএর কথিত অভিযান শুরু হয়। একই দিনে কোয়েটার কামব্রানি রোডে পুলিশের বিশেষ ইউনিট ‘ইগল স্কোয়াড’-এর সদস্যদের আটক করে তাঁদের অস্ত্র ও সরঞ্জাম নিয়ে যাওয়ার দাবিও করেছে সংগঠনটি।

এরপর বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্য ও সরকারি বাহিনীকে লক্ষ্য করে একের পর এক হামলার দাবি করা হয়। এসব হামলায় পাকিস্তানি সামরিক বাহিনীর সেনাবহরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বেলুচিস্তানে পাকিস্তান সরকার ও বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে দুই দশকেরও বেশি সময় ধরে সংঘাত চলছে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই প্রদেশে রাজনৈতিক অধিকার, সম্পদের নিয়ন্ত্রণ ও স্বায়ত্তশাসন নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা রয়েছে।

যুক্তরাষ্ট্র ২০২৫ সালে বিএলএকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করে।

পাকিস্তানের গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বেলুচিস্তানে সহিংসতায় অন্তত ৯৫৬ জন নিহত হন।

বিএলএর সর্বশেষ হামলাগুলোর দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে এসব ঘটনার মধ্য দিয়ে বেলুচিস্তানে দীর্ঘদিনের সশস্ত্র সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন