মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পশ্চিমাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৩০ জন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে দেশটির নানা-মাম্বেরে প্রিফেকচারের আব্বা অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঐতিহ্যবাহী ও অপ্রচলিত পদ্ধতিতে পরিচালিত ওই সোনার খনিটি হঠাৎ ধসে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীরা কয়েক ঘণ্টার চেষ্টায় ধ্বংসস্তূপ থেকে অন্তত ৩০টি মরদেহ উদ্ধার করেন। আহত কয়েকজন শ্রমিককে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনাস্থলের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে কাদা ও ধ্বংসস্তূপের মধ্য থেকে শ্রমিকদের মরদেহ উদ্ধারের দৃশ্য দেখা গেছে।
উপ-প্রশাসনিক অঞ্চলের উপমেয়র সুলেমান বি ঘটনাটিকে ভয়াবহ উল্লেখ করে ধসে পড়া খনিতে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে আন্তর্জাতিক সংস্থা ও সংশ্লিষ্ট সবার কাছে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া খনি শ্রমিক ফ্লোরিয়ান গাগুয়েন্ডে বলেন, খনির আরও গভীরে অনেক শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন। তবে সময় যত গড়াচ্ছে, তাঁদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই কমে আসছে।
সরকারি মুখপাত্র এভারিস্ট এনগামানা দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, নিহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পরিবারকে দ্রুত ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য সরকার কাজ করছে।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছাড়া ছোট পরিসরে ও অপরিকল্পিতভাবে খননকাজ পরিচালনার কারণে এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা প্রায়ই ঘটে। এবারের দুর্ঘটনাতেও খনিটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
কালের আলো/এসএ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ । ১২:২৫ অপরাহ্ণ