দীর্ঘ ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলেও সংসদে আসনসংখ্যার হিসাবে ফখরুলের জয় প্রায় নিশ্চিত।
জাতীয় সংসদে বিএনপির সদস্য সংখ্যা ২৪৭ জন। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিকদের মোট আসন বিএনপির তুলনায় অনেক কম। ৩৪৯ সদস্যের সংসদে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৭৫ ভোট। ফলে দলীয় হিসাব অনুযায়ী ফখরুলের পক্ষে প্রয়োজনীয় ভোট পাওয়া সহজ বলেই মনে করা হচ্ছে।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হবে ওপেন ব্যালটে। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ব্যালটে প্রার্থীর নাম লিখে স্বাক্ষর করবেন। ভোট শেষে সংসদ কক্ষেই ব্যালট গণনা করে ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। পরে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।
প্রার্থী হিসেবে মির্জা ফখরুল নিজেও সংসদ সদস্য হওয়ায় ভোট দিতে পারবেন। অপর প্রার্থী অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় ভোট দেওয়ার সুযোগ নেই।
নির্বাচন শেষে আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শপথ অনুষ্ঠানে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং কূটনীতিকদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী নিয়ে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
কালের আলো/এমএসআইপি/ডিএইচ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ । ১:২১ অপরাহ্ণ